ম্যাজিক নয়, পরিশ্রম!

আপডেট : ০৯ জুন ২০১৪, ২২:২৫
২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু। এরপরের মঞ্চটা ছিল আরো বড়। ২০১০ সালের বিশ্বকাপ জয়ের পরও থেমে যায়নি স্পেনের জয়রথ। দু’বছর বাদে আবারও ইউরোপ সেরার লড়াই জয়। শুধু গত বছর কনফেডারেশন্স কাপের ফাইনাল হারের স্মৃতি বাদ দিলে সাম্প্রতিক সময়ে সবচেয়ে দল হিসেবে নিজেদের প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছে স্প্যানিশরা। এই সব জয়ের মূলে ছিলেন একজন— ভিসেন্তে দেল বক্স। দুয়ারে আরেকটি বিশ্বকাপ। আবারও দল নিয়ে হাজির সেই চিরচেনা টাক মাথার ভদ্রলোক। বিশ্বকাপ ধরে রাখার মিশন তার সামনে। টিকিটাকার জাদু দিয়ে কি এবার মারাকানায় উত্সব করবে স্প্যানিশরা? দেল বক্স কোন ম্যাজিক নিয়ে ভাবছেন না, ‘আসলে ফুটবল খেলার অনেকগুলো ধরন আছে। আর আমাদের হাতে এমন কোন ম্যাজিক নেই। আমাদের কেবল খেলোয়াড়দের উপর ভিত্তি করে খেলার একটা ধরন গড়ে উঠেছে। আর এর মানে এটা নয় যে, আরো দল আছে যাদের ভাল করার সুযোগ আছে।’ তাই কেবল টিকিটাকা নয়, প্রয়োজনে স্টাইল বদলে দেখা যেতে পারে অন্য স্পেনকেও। এমনটাই আভাস দিলেন দেল বক্স, ‘এমন না যে আমরা কখনও খেলার ধরন পরিবর্তন করতে পারি না। কোন গভীরতা ছাড়া কেবল পজেশন ধরে রাখাটা কখনও কোন কাজের কাজ হতে পারে না। এটা নিয়ে আমরা কাজ করছি। পজেশন ধরে রাখার পাশাপাশি আমাদের আক্রমণেরও ধার বাড়াতে হবে।’ গত রবিবার রাতে ওয়াশিংটন থেকে সরাসরি এক ফ্লাইটে কুইরিতিবায় পৌঁছে স্পেন। গত বিশ্বকাপ জয়ের সুবাদে এবার ব্রাজিলের মাটিতেও ফেবারিটের তকমা লাগিয়ে এসেছে দেল বক্সের দল। যদিও একবার বিশ্বকাপ শুরু হয়ে গেলে এসব এগিয়ে থাকা কোন কাজে লাগবে না বলেই মনে করছেন এই কোচ, ‘বিশ্বকাপ এমন একটা টুর্নামেন্ট যেখানে এসব তকমার কোন দাম নেই। মাঠেই আমাদের নিজেদেরকে প্রমাণ করতে হবে। আমরা বিশ্বাস করি, আমরা পরিশ্রম করতে পারবো। আর আরেকবার বিশ্বজয় করতে হলে আমাদের পরিশ্রম করতে হবে। কোন ম্যাজিক দিয়ে এখানে কাজ হবে না।’ যুক্তরাস্ট্রের মেরিল্যান্ডে শনিবার একটি প্রীতি ম্যাচে এল সালভাদরকে ২-০ গোলে পরাজিত করে কোচ ভিসেন্তে দেল বক্সের শিষ্যরা। রবিবার সকালে ওয়াশিংটন থেকে রওনা দিয়ে একই দিন সন্ধ্যায় কুরিবিতা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে স্প্যানিশ দলটি। ব্রাজিলে অবস্থানকালীন সময়ে সিটি ডু কাজু টিম বেইজ ক্যাম্পে থাকবে স্পেন দল। ‘বি’ গ্রুপে স্পেনের প্রতিপক্ষ নেদারল্যান্ড, চিলি এবং অস্ট্রেলিয়া। ১৩ জুন সালভাদরে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব কাপ মিশন শুরু করবে স্পেন।