ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় প্রতিষ্ঠা করা হয় ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরী। নানাবিধ সুবিধার সহজলভ্যতার কারণে এটি একটি সম্ভাবনাময় শিল্পন-গরীতে রূপান্তরিত হওয়ার কথা থাকলেও এটি প্রসার লাভ করতে পারেনি। কয়েক হাজার লোকের কর্মসংস্থান হলেও এখানে রয়েছে নানা সমস্যা। প্লট সংকট, গ্যাস সংকট, সড়কের বেহাল দশা, বর্জ্য ও পানি নিষ্কাশনে ড্রেনেজ সমস্যার মধ্য দিয়ে দুরবস্থায় রয়েছে এই শিল্প।
১৯৯৮ সালে ২১.৯৮ একর জমিতে ১৩৭টি প্লট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্প নগরীর আনুষ্ঠানিক যাত্রা শুরু। শুরুতেই শিল্প উদ্যোক্তাদের প্রতিটি প্লটের বরাদ্দ দেয়া হয় ৮ লাখ ৯০ হাজার টাকায়। ব্যবসায়িক নানান সুযোগ- সুবিধার কারণে এক যুগে প্রতিটি প্লটের মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় কোটি টাকা।
বিসিক শিল্পনগরীর তরুণ উদ্যোক্তা বিল্লাল হোসেন জানান, নানান সমস্যার পরেও আমরা এখানে খুব কষ্ট করে টিকে আছি। সরকার এই শিল্পে আরো বেশি নজরদারি করলে এবং আমাদের প্লট সংকট, গ্যাস সংকট, সড়কের বেহাল দশা, বর্জ্য ও পানি নিষ্কাশনে ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধান করলে আমরা আরো বেশি লাভবান হতে পারবো।
বিসিক শিল্পন-গরীর সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আব্দুল অদুদ মিয়া বলেন, বিসিক ব্রাহ্মণ-বাড়িয়ায় প্রচুর ইন্ডাস্ট্রি হবার সম্ভাবনা আছে। বিভিন্ন দেশ থেকে যেসব প্লাস্টিক সামগ্রী, সোডিয়াম সিলিকেট, তৈজসপত্র আমদানি করা হয় প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে আমাদের এই বিসিক শিল্পনগরীতেই তা উত্পাদন হতে পারে। অন্যদিকে উদ্যোক্তা অনুপাতে আমরা জায়গা দিতে না পারায় নতুন ৩৫টি উদ্যোক্তার আবেদন ফাইলবন্দী হয়ে পড়ে আছে।
