হালুয়াঘাটে ইয়াবা ব্যবসায়ী আটক

আপডেট : ০৯ জুন ২০১৪, ২২:২৬
থানায় হামলা ও ভাংচুর ময়মনসিংহের হালুয়াঘাটে গরু বাজারের মোড় থেকে ৫১ পিস ইয়াবাসহ রবিবার রাতে মনিকুড়া গ্রামের মৃত আক্রাম হোসেনের পুত্র সাগর (২৪) কে আটক করে হালুয়াঘাট থানার ওসি জাকিউর রহমান। আটকের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে একদল সন্ত্রাসী রাত ১ টায় রামদা ও লাঠিসোটা নিয়ে উপজেলার সামনে থেকে একটি মিছিল বের করে বাজারের বিভিন্ন দোকানপাটে হামলা চালানোর পরে থানার সামনে এসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন নম্বর সম্বলিত বিলবোর্ড গুঁড়িয়ে দিয়ে মূল গেইট ভাংচুর করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী কয়েকটি গুলির শব্দ শুনতে পায়। ওসি জানায়, সাগর দীর্ঘদিন যাবত্ এলাকায় মাদক ব্যবসা, ভারতীয় মোটর সাইকেল চুরি, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাকে আটকের পর সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে । থানায় হামলা, ভাংচুর ও ককটেল বিস্ফোরণে দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।