চারদিনের ম্যাচের মতো ক্যারিবিয় হাই পারফরম্যান্স দলের বিপক্ষে একদিনের ম্যাচেও বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ‘এ’ দল। বারবাডোজে স্বাগতিকদের বিপক্ষে ১১৭ রানে হেরেছে সফরকারীরা। ক্যারিবিয়দের জয়ে বড় অবদান অপরাজিত ১৩২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলা অন্দ্রে রাসেলের।
তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। মঙ্গলবার হবে দ্বিতীয় ওয়ানডে।
রবিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩২৭ রান করে হাই পারফরম্যান্স সেন্টার।
রাসেলের ‘ঝড়ো’ ইনিংসে শেষ ১৭ ওভারে ১৮৭ রান তুলে হাই পারফরম্যান্স সেন্টার। ম্যাচ সেরা রাসেলের ৫৬ বলের ইনিংসটি সাজানো ১৩টি ছক্কা ও ৭টি চারে। ৩৭ রানে ৩ উইকেট নিয়ে ‘এ’ দলের সেরা বোলার শফিউল ইসলাম।
জবাবে ৪১ ওভার ২ বলে ২১০ রানে অলআউট হয়ে যায় ‘এ’ দল। সর্বোচ্চ ৫১ রান করেন শুভাগত হোম চৌধুরী। তার ৫১ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। মার্শাল আইয়ুব করেন ৩০ রান।
