চাপ উপভোগ করছেন লো
বিশ্বকাপের ঠিক আগে আর দশজন কোচের মতোই চাপে আছেন ৫৪ বছর বয়সী জার্মান কোচ লো। তবে এই চাপ উপভোগ করছেন বলে জানালেন তিনি, ‘আমরা বিশ্বকাপের খুবই কাছে চলে এসেছি। এখন আমি আগের থেকে বেশি শান্ত থাকতে চাচ্ছি। কারণ আমি জানি, চিন্তা যা করার ছিল আমরা এরই মধ্যে করে ফেলেছি। এখন আমি উচ্চমাত্রার চাপের মধ্যে আছি। যদিও এই চাপ আমি উপভোগ করছি।’ ফুটবল পাগল দেশ ব্রাজিল এবারের বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় বেশ উজ্জীবিত লো। এবারের বিশ্বকাপ কোচ, খেলোয়াড় এবং ভক্ত সবার জন্য সমান উপভোগ্য হবে বলে মনে করেন তিনি।
০০০০
তোরেসের ফেভারিট স্পেন-ব্রাজিল
এবারের বিশ্বকাপে শিরোপার দৌড়ে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবং স্বাগতিক ব্রাজিলকে এগিয়ে রাখছেন চেলসির স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। ৩০ বছর বয়সী এই ফুটবলারের দৃষ্টিতে ২০১০ সালের বিশ্বকাপজয়ী ভিসেন্ত দেল বস্কের শিষ্যরা এবারও শিরোপা ধরে রাখার শক্তি রাখে। একই সঙ্গে নিজেদের মাঠে বিশ্বকাপ হওয়ায় লুইস ফিলিপ স্কোলারির দলকেও এগিয়ে রাখছেন তিনি। স্পেনের হয়ে ১০৭টি ম্যাচ খেলা তোরেস বলেন, ‘আমার কাছে বিশ্বকাপে স্পেন এখনো ফেভারিট। কিন্তু একটি বড় টুর্নামেন্টে স্বাগতিকরা সাধারণভাবেই ফেভারিট থাকে। ব্রাজিল নিজেদের মাঠে তো খেলবেই, তার ওপর তাদের দলটাও দারুণ। এর মানেই এবারের বিশ্বকাপে ব্রাজিল পরিষ্কার অর্থেই একটি শক্তিশালী দল। সুতরাং আমাদের বিশ্বকাপ জিততে হলে নিশ্চিতভাবে তাদের মতো অবস্থান অর্জন করতে হবে।’
০০০০০০
বিশ্বকাপ মিসের সুযোগই নেই: সুয়ারেজ
বিশ্বকাপ খেলবেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বিশ্বকাপ মিস হওয়ার কোনো সুযোগ নাই। ইনজুরি কাটিয়ে ওঠার পথে গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাত্কারে বিশ্বকাপ খেলার ব্যাপারে এমন আত্মবিশ্বাসের কথাই জানিয়েছেন লিভারপুলের এই ফুটবলার, ‘মানসিক দিক থেকে আমি অনেক ভাল অনুভব করছি। ইনজুরি নিয়ে এক মুহূর্তের জন্যও আমি কোনো চাপ অনুভব করিনি। এক মুহূর্তের জন্যও দুঃখ অনুভব হয়নি। কেননা আমার বিশ্বকাপ মিস করার কোনো সুযোগই নেই। এই চিন্তা এক মুহূর্তের জন্যও আমার মাথায় আসেনি।’ প্রসঙ্গত, গত মাসে হাঁটুতে মারাত্মক চোট পেলে অস্ত্রোপচারে যেতে হয় উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজকে। তার এই ইনজুরি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে উরুগুয়েকে।
০০০০
জাপানকে কোয়ার্টার ফাইনালে দেখছেন হোন্ডা
ব্রাজিল বিশ্বকাপে এশিয়ান চ্যাম্পিয়ন জাপান চমক দেখাবে বলে মনে করেন দলের অন্যতম তারকা খেলোয়াড় কেইসুকে হোন্ডা। এসি মিলানের এই অ্যাটাকিং স্ট্রাইকারের দৃষ্টিতে এবারের বিশ্বকাপে সামুরাই ব্লুদের কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ রয়েছে। নিকান স্পোর্টসকে দেয়া এক সাক্ষাত্কারে হোন্ডা বলেন, ‘প্রথমে গ্রুপ পর্ব উতরানোর ব্যাপারে আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারি। এরপর বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে। আমি মনে করি, আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছার মতো ভাল একটি দল। এ জন্য আমাদের ফিট থাকার প্রয়োজন রয়েছে। আমরা যদি আমাদের খেলাটা শতভাগ খেলতে পারি, আমাদের যদি কোনো ভুল না হয়, তাহলে আমাদের কোয়ার্টার ফাইনালে দেখা যেতে পারে। কোয়ার্টার ফাইনাল খেলে আমরা এবারের বিশ্বকাপে চমকের জন্ম দিতে পারি।’
