যে যাই বলুক, জার্মানি অবশ্যই ফাইনাল খেলবে বলে মনে করছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফু। তিনি বলেন, ফাইনালে ব্রাজিল-জার্মানি মুখোমুখি হবে তাতে কোন সন্দেহ নেই।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছা কোচ জোয়াচিম লো’র শিষ্যদের দারুণ সমীহ করছেন সাবেক সেলেসাও অধিনায়ক। একটি তারুণ্য নির্ভর দল নিয়েই সে বছর আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বের প্রশংসা কুড়িয়েছিলেন বলে মনে করছেন কাফু। স্পোর্টস ইনফরমেশন ডাইনেস্টকে দুইবারের বিশ্ব কাপ জয়ী কাফু বলেন, ‘জার্মানি খুবই শক্তিশালী একটা দল। এখানে (ব্রাজিল) তারা খুবই শক্তিশালী মানের দল। জার্মানি বেশ ভালভাবে উন্নতি করেছে। আমাদের সকলের বিশ্বাস ফাইনালে আমরা জার্মানির বিপক্ষে খেলব। তারা অবশ্যই ফাইনালে পৌঁছবে।’
খেলোয়াড়ি জীবনে ইতালিয়ান ক্লাব রোমা এবং এসি মিলানের মধ্যমনিতে পরিণত হওয়া কাফু ২০০২ বিশ্ব কাপ ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারানো ব্রাজিল দলের নেতৃত্ব দেন।—বাসস
