ইস্টার্ন ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
ধানমন্ডি লেকের পরিবেশ রক্ষায় সুধাসদন থেকে ল্যাব এইড হাসপাতাল, সিটি কলেজের পাশ থেকে ধানমন্ডি থানা পর্যন্ত এলাকায় সম্প্রতি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি আর্থ কেয়ার ক্লাব। এছাড়াও এলাকাবাসী ও পথচারীদের যথাস্থানে ময়লা ফেলতে উত্সাহিত করতে সচেতনা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় লিফলেট বিতরণ, বুকে পরিবেশ সচেতনামূলক ফেস্টুন নিয়ে রাস্তার দু’পাশে অবস্থান করে ক্লাবের শতাধিক সেচ্ছাসেবক। এ কার্যক্রমের নেতৃত্ব দেন ইস্টার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. অধ্যাপক নজরুল ইসলাম ও এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. মোঃ শফিউল্লাহ।
হার্ডিঞ্জ হাই স্কুল এন্ড কলেজ
ক্যাম্পাস প্রতিবেদক
এবছর এসএসসি পরীক্ষায় ধামরাইয়ের হার্ডিঞ্জ হাইস্কুল এন্ড কলেজে ৩২৭ জন পরীক্ষা দিয়ে ৩২৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন। শত বছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শিক্ষানুরাগী মোঃ হাসিবুর রহমান কাসেম বলেন, শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও প্রতিভার পরিপূর্ণ পরস্ফূিটনের জন্য মেধাসম্পন্ন দক্ষ শিক্ষক একান্ত আবশ্যক। শিক্ষক যত বেশি দক্ষ ও মেধাসম্পন্ন হবেন শিক্ষার্থীর প্রতিভা ও মেধা ততো বেশি শানিত ও বিকশিত হবে। তিনি আরও বলেন, দুর্নীতি, অযৌক্তিক আবদার, তদবীরমুক্ত ব্যবস্থাপনা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যকে ত্বরান্বিত করে। এজন্য প্রয়োজন এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও সচেতনতা।
