দিলীপ কুমার বলে কথা! তাই তার আত্মজীবনীতে স্বাভাবিকভাবেই উঠে আসবে গোটা বলিউড। তাই তার প্রকাশনার দিনও সেই আলোকছটাই দেখা গেল। ৯ জুন রাতে ‘দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো’ নামে দিলীপ কুমারের আত্মজীবনীর মোড়ক উন্মোচন করা হয় মুম্বাইয়ে। বইটি লিখেছেন উদয় তারা নায়ার। শুরু থেকে শেষ পর্যন্ত তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয় উত্সব। সাধারণত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাড়া একসঙ্গে এত তারকাকে কোথাও দেখা যায় না।
৯১ বছর বয়সী দিলীপ কুমার হুইল চেয়ারে চড়েই মঞ্চে ওঠেন। তাকে সঙ্গ দেন সহধর্মিণী সায়রা বানু। এরপর আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক খোলেন ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও আমির খান। তাদের পাশে ছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও গীতিকার জাভেদ আখতার। ‘নয়া দৌড়’, ‘দেবদাস’ ছবিগুলোতে কাজ করা দিলীপ কুমারের সহশিল্পী বৈজয়ন্তীমালাও এসেছিলেন। মঞ্চে অন্যান্যের মাঝে মাধুরী দীক্ষিত ও প্রিয়াঙ্কা চোপড়াকে আলাদাভাবে চোখে পড়েছে। তিন প্রজন্মের এই তিন অভিনেত্রী শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন নির্মাতা করণ জোহর।
অনুষ্ঠানে প্রিয় দিলীপ স্যারকে অভিনন্দন জানাতে আরও এসেছিলেন রিতেশ দেশমুখ, জিতেন্দ্র, জিনাত আমান, প্রেম চোপড়া, সঞ্জয়লীলা বানসালী, জাভেদ আখতার, শান, পঙ্কজ উদাস, মন্দিরা বেদিসহ অনেকে। কৌতুকাভিনেতা জনি লিভার এসেছিলেন ফুল নিয়ে।
‘ট্র্যাজেডি কিং’খ্যাত দিলীপ কুমার ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। তার অভিনীত কালজয়ী ছবির তালিকায় উল্লেখযোগ্য হচ্ছে ‘জুগনু’, ‘আন্দাজ’, ‘জোগান’, ‘দাগ’ প্রভৃতি।
