সুফি তাহসান

আপডেট : ১০ জুন ২০১৪, ২০:৫৮
জনপ্রিয় সংগীতশিল্পী, সংগীতপরিচালক, গীতিকার, মডেল বা অভিনয়শিল্পী—যেকোনো বিশেষণই জুড়ে দেওয়া যায় তাহসান নামটির সাথে। চলতি সময়ে নিজের শিক্ষকতা পেশার পাশাপাশি ব্যস্ত আছেন ব্যান্ডের অ্যালবাম আর নাটক নিয়ে। এই মুহূর্তে চলছে তার ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফি’র অ্যালবামের কাজ। অ্যালবামের গানের আয়োজনের কাজ এখনও চলছে। অ্যালবাম প্রসঙ্গে তাহসান বলেন, ‘এই মুহূর্তে আমার একক অ্যালবামের দিকে তেমন একটা নজর দিচ্ছি না। ব্যান্ডের অ্যালবামের কাজ নিয়েই ব্যস্ত আছি। আর সামনে তো ঈদ তাই ঈদের কিছু কাজও করতে হবে। ইচ্ছা আছে খুব শীঘ্রই অ্যালবামটা রিলিজ দেওয়ার। কাজ শেষ হলে নাম আর রিলিজ তারিখ নির্ধারণ করে শ্রোতাদের জানাব।’ বিশেষ দিন মানেই এখন তাহসানের নাটক। আর সেই ধারাবাহিকতায় আসছে ঈদকে সামনে রেখে চলছে তার নাটকের কাজ। এই ঈদের প্রায় এক হালি নাটকে তাহসানকে দেখতে পাবেন দর্শক। কয়েকটি নাটকের আবহ সংগীতও তৈরি করছেন তাহসান নিজেই।