খেলা দেখার সময় অধিক উত্তেজনা নয়

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:২৫
বিশ্বকাপ ফুটবল দ্বারপ্রান্তে। বাংলাদেশের কোটি কোটি দর্শক উদগ্রীব হয়ে আছে এই বিশাল ফুটবলযজ্ঞ দেখার জন্য। সরাসরি দেখতে না পারলেও অন্তত টেলিভিশনের পর্দায় দর্শকরা খেলা দেখবেন। আর বাংলাদেশের দর্শকদের সিংহভাগই এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দুইটি দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক। তাই উত্তেজনা, উত্সাহে কাটছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের দিনগুলো। আর ফুটবল এমন একটি খেলা যেখানে প্রতিমুহূর্তে থাকে চরম উত্তেজনা। আর প্রিয় খেলাটি বা প্রিয় দলটি যদি ভাল করে তাহলেতো আর কথাই নেই। অনেকে টিভি সেটের সামনে খুশিতে লাফাতে থাকেন। অনেকে ফুটবল প্রেমীদের এই উন্মাদনাকে ফুটবল জ্বরের সঙ্গে তুলনা করে থাকেন। আর এই ফুটবল থেকে হতে পারে হার্টের সমস্যা পর্যন্ত। তাই যাদের হার্টের সমস্যা আছে, বাইপাস করা বা হার্টের রক্তনালীতে রিং পরানো আছে তাদের উত্তেজনাটা একটু দমিয়ে রাখতে পারাটা ভালো। এছাড়া রাত জেগে খেলা দেখার কারণে ঘুমের সমস্যার পাশাপাশি বাড়তে পারে এসিডিটি। তাই যারা রাত জেগে খেলা দেখতে চান তাদের প্রতিদিন খেলা না দেখে মাঝে মাঝে গ্যাপ দিয়ে খেলা দেখা উচিত। এছাড়া রাতে খেলা দেখার সময় প্রচুর পানি পান ও তাজা ফল খাওয়া ভালো। অনেকে রাত জেগে খেলা দেখার সময় ঝালমুড়ি ও অন্যান্য ভাজা খাবার খান। এতে এসিডিটি বাড়তে পারে। তাই টিভি সেটের সামনে একা, পরিবারের সঙ্গে অথবা দলবেঁধে যে ভাবেই খেলা দেখেন না কেন উত্তেজনা থাকবে, তবে যাদের হার্টের সমস্যা আছে তাদের উত্তেজিত না হওয়াই ভালো। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ