রূপনগর সম্প্রসারিত দ্বিতীয় প্রকল্প ও ঢাকা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ডুইপ) আবাসিক প্লট থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে দ্রুত প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে প্লট মালিক কল্যাণ সমিতি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান।
সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্লট মালিক কল্যাণ সমিতির সদস্য সচিব আমিনুর রশিদ মজুমদার। তিনি বলেন, ১৮ বছর অতিবাহিত হলেও তারা তাদের প্লট বুঝে পাননি। বিহারীরা ক্যাম্প না থাকার অজুহাতে হাইকোর্টে দুইটি রিট মামলা করে। এই অজুহাত দেখিয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্লটগুলো বুঝিয়ে দিচ্ছে না। এই হীন কার্যক্রমের সাথে স্থানীয় প্রশাসন জড়িত বলেও তিনি অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে আগামী ১১ আগস্ট মিরপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশল দপ্তরে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান, ২৫ আগস্ট সেগুনবাগিচাস্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান এবং ৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ও আহ্বায়ক মো. জয়নাল আবেদীন।
