রায়পুরার প্রধান সড়কের বেহাল দশায় নাকাল পৌরবাসী

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:৫৬
রায়পুরা উপজেলার প্রধান সড়কের বেহাল দশা। প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে উপজেলার এ ব্যস্ততম সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষার্থী, পথচারীসহ স্থানীয় এলাকাবাসী। রায়পুরা উপজেলা তথা পৌরসভার প্রধান সড়কের তুলাতলী বাজার, শ্রীরামপুর বাজার, কামারবাড়ী মোড়, ঐতিহ্যবাহী শতবছরের পুরনো রায়পুরা পুরান বাজার, হাসিমপুর বাজার, বাসস্ট্যান্ড মোড়সহ বিভিন্ন এলাকার বেহাল দশা। ফলে সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় সড়কের উপর। আর এসব সড়ক দিয়ে প্রতিনিয়তই ছোট বড় অসংখ্য ভারি যানবাহনের চাকার ঘর্ষণে সড়কটির বিভিন্ন অংশ ভেঙ্গে-চুরে বর্তমানে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে পুরো রাস্তাটি কাদাপানিতে মাখামাখি হয়ে গেছে। বেশ কিছু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য ব্যাপার। উপজেলার প্রায় ৭ লাখ মানুষের অধিকাংশ মানুষ এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে নানা বিড়ম্বনা ও দুর্ভোগের শিকার হচ্ছেন। পৌর মেয়র আলহাজ্ব আব্দুল কুদ্দুছ মিয়া জানান, পর্যাপ্ত বাজেট না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তাছাড়া পৌর এলাকায় লাইটিং ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট পল্লী বিদ্যুত্ অফিসে বার বার যোগাযোগ করেও কোন আশ্বাস পাচ্ছি না।