টর্নেডোর আঘাতে বিধ্বস্ত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাশ করে। গত ২৮ মে বকশীগঞ্জ উপজেলার বগারটর ইউনিয়নের গোপালপুর, সারমারা, শিলপাড়া ও নয়াপাড়া গ্রামের উপর দিয়ে প্রবল বেগে টর্নেডো আঘাত হানে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় ৫টি গ্রাম। নিহত হয় ২ কৃষক। আহত হয় কমপক্ষে ৩০০ জন। একই সময় টর্নেডোতে বিধ্বস্ত হয় গোপালপুর কো-অপারেটিভ বালিকা বিদ্যালয়ের ৩টি ভবন।
স্কুলের প্রধান শিক্ষক গোলাম ফারুক জানান, স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। জনপ্রতিনিধিসহ অনেকেই স্কুলের বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন। কিন্তু অনুদান পাওয়া যায়নি। তবে সমাজ সেবক এমদাদুল হক ৫ বান্ডিল ঢেউটিন সাহায্য দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান জানান, গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। অর্থবরাদ্দ পেলেই নির্মাণ কাজ শুরু হবে।
