অপহরণকারীদের আস্তানা থেকে কৌশলে পালিয়ে এলো শিশু ইমন

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:৫৭
অপহরণের কয়েক ঘণ্টার ব্যবধানে অপহরণকারী দলের গোপন আস্তানা থেকে কৌশলে পালিয়ে এসেছে পঞ্চগড়ের আটোয়ারীর ইমন (১০) নামের এক শিশু। সে উপজেলার ছোটদাপ গ্রামের শহিদুল ইসলামের একমাত্র ছেলে ও ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। অপহূত ইমন জানায়, গত সোমবার দোকান থেকে স্কুলে ফেরার পথে আটোয়ারী পল্লী বিদ্যুত্ অফিসের সামনের রাস্তায় দু’জন লোক তাকে জোর করে মাইক্রোবাসে উঠায়। সন্ধ্যায় ইমনকে প্রাচীর ঘেরা একটি পাকা টিনসেড বাড়িতে নিয়ে আটকে রাখা হয়।প্রায় এক ঘণ্টা পর তারা খাবার নিয়ে আসে এবং কাজ করতে পারবে কিনা জানতে চায়। এ সময় অপহরণকারীরা লোহার রড দিয়ে মারপিট করে ঘরের দরজা বন্ধ করে চলে যায়। পরে সে চেয়ারের উপর উঠে হুক খুলে দিলে বাড়িটির প্রাচীর দেখতে পায়। ইমন এ সময় প্রাচীর টপকিয়ে পালিয়ে একটি লিচু ভর্তি গাড়িতে উঠে ঠাকুরগাঁওয়ে পৌঁছে। পরে ঠাকুরগাঁও কালিবাড়ি এলাকার বাসিন্দা ফুপা নুর ইসলামের বাড়িতে এসে পৌঁছালে অভিভাবকরা তাকে ওই রাতেই বাড়িতে নিয়ে আসে।