হুমকির মুখে মিঠামইন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:৫৭
পানি উন্নয়ন বোর্ডের তদারকির অভাব ও উদাসীনতার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে মিঠামইন উপজেলা সদরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার কাজ শেষ হচ্ছে না। সময়মত কাজ শেষ না করায় আসন্ন বর্ষা মওসুমে ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছেন উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দারা। বাঁধের ইসলামপুর এলাকায় ক্ষতিগ্রস্ত ২৫০ মিটার সংস্কার কাজ গত এপ্রিলের মধ্যে সিসি ব্লক নির্মাণ, বালি ভর্তি জিওব্যাগ ও গানি ব্যাগ দিয়ে কাজ শেষ করার কথা থাকলেও দায়সারাভাবে তা শেষ করার অপচেষ্টা চলছে। সিডিউলে বালি ভর্তি গানি ব্যাগ ফেলানোর কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টিকারী অপচনশীল কম মূল্যের প্লাস্টিকের ব্যাগ। প্রায় সাড়ে ৩ কোটি টাকার এ উন্নয়ন প্রকল্পের শুধুমাত্র প্লাস্টিকের বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানো হচ্ছে বলেই জানেন অনেকে। তবে পানি বেড়ে যাওয়ায় এই অর্থবছরে কাজ শেষ করা সম্ভব নয় বলে জানালেন দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফ মিয়া । তার মতে বাঁধকে টিকিয়ে রাখার স্বার্থেই গানি ব্যাগের(ছালার বস্তা) পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। প্রকল্প কাজে অনিয়ম ও গানি ব্যাগের পরবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের বিষয়ে জানতে মেসার্স এলএ-এবিজেবির মালিক ও কাজটির কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার মো. সারোয়ার আলম জানান, মেয়াদ শেষ হয়ে গেলেও পানি বেড়ে যাওয়ায় যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, হঠাত্ করে পানি বেড়ে যাওয়া এবং প্রকল্পের জন্য পর্যাপ্ত টাকা বরাদ্দ না পাওয়ায় চলতি অর্থবছরে কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। আর প্লাস্টিকের ব্যাগ ফেলার কথা অস্বীকার করে জানান, এ ধরনের ব্যাগ ফেলা হয়ে থাকলে ঠিকাদারকে বিল দেয়া হবে না।