নাগেশ্বরীতে চলছে পতাকা বানানোর ধুম

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:৫৭
নাগেশ্বরীতে ফুটবল প্রেমীদের মাঝে ছড়িয়েছে ব্রাজিল বিশ্বকাপ উন্মাদনা। সমর্থিত দলের পতাকা উড়ানোর প্রতিযোগীতায় মেতেছেন সমর্থকরা। বেড়েছে পতাকা বিক্রি। প্রতি ফুটবল বিশ্বকাপের মত এবারও উপজেলার গ্রাম-গঞ্জে গাছ, সুউচ্চ বাঁশ, বাসা-বাড়ি ও উঁচু দালানে শোভা পাচ্ছে জাতীয় পতাকা ও ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালী, জার্মানী, ফ্রান্সসহ সাড়া জাগানো বিভিন্ন ফুটবল দলের পতাকা। সমর্থকদের পতাকা উড়ানোর প্রতিযোগীতায় অপরুপ সাজে সেজেছে নাগেশ্বরী। সবচেয়ে বেশি উড়ছে দেশের জাতীয় পতাকার পাশাপাশি আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। এ উন্মাদনায় সঙ্গী হতে ব্যবসায়ীরাও দোকানে তুলেছেন পতাকা। বিক্রি আশাতীত। চাহিদা মেটাতে এলাকার কিছু দর্জি পতাকা তৈরি করে সরবরাহ করছেন ব্যবসায়ীদের। পুরাতন বাজারের আবুল কালাম তাদের একজন। তিনি জানান, এ বিশ্বকাপ ঘিরে ব্যবসা সন্তোষজনক। গত ফুটবল বিশ্বকাপ থেকেই তিনি পতাকা তৈরি করে বিক্রি করেন। এছাড়াও ক্রিকেটের বড় আসর বসলে পতাকা বিক্রি বাড়ে।