পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ড ৫ শতাধিক মুরগি ভস্মীভূত

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:৫৮
উখিয়ার লেঙ্গুর বিল গ্রামে প্রতিপক্ষের লাগিয়ে দেয়া অগ্নিকাণ্ডে রিহাব পোল্ট্রি ফার্মের ৫ শতাধিক মুরগী পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় পোল্ট্রি শিল্পের কাঁচামাল, ওষুধ সামগ্রী, খাদ্যসহ খামারবাড়ি পুড়ে গিয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানায় একটি অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। হলদিয়াপালং ইউনিয়নের লেঙ্গুর বিল গ্রামের রিহাব পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী হোসেন মোহাম্মদ মোক্তার ও একই গ্রামের সাইফুল ইসলাম সোনালীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে। এ ঘটনায় প্রতিপক্ষরা ইতিপূর্বেও প্রায় দুই শতাধিক মুরগি লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে আদালতে একটি মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার হোসেন মোহাম্মদ মোক্তার জানান, সোমবার রাতে তারা যখন পোল্ট্রি খামারের ভেতরে ঘুমে অচেতন ছিলেন ঠিক ওই সময়ে সাইফুল ইসলাম সোনালীর নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী পোল্ট্রি খামারের দরজা তালাবদ্ধ করে আগুন দেয়। এ সময় খামারে অবস্থানরত ৪/৫ জন শ্রমিক দরজা ভেঙ্গে বের হলেও ৫ শতাধিক মুরগিসহ আনুসঙ্গিক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উখিয়া থানার অফিসার ইনচার্জ অংছা থোয়াই চাকমা জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।