বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নিহত ৯। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের
বেগমগঞ্জে যুবক খুন
চৌমুহনী(নোয়াখালী) \ সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলাধীন মহিবুল্যাপুর বাগবাড়ির পশ্চিমে পুকুর পাড়ে রায়হান (২২) নামে এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে ফেলে যায়।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে প্রেরণ করে।
খুন হওয়া যুবকের পরিবারের নিকট থেকে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মইদিপুর গ্রামের বেলালউদ্দিনের পুত্র সিএনজি চালক রায়হান(২২) ছোটবেলা থেকেই নানার বাড়ি মহিবুল্যাপুরে বড় হয়। এবং ১৫ দিন পূর্বে মামাতো বোনকে বিয়ে করে। সোমবার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মহিবুল্যাপুর বাগবাড়ির পশ্চিমে পুকুর পাড়ে গেলে সন্ত্রাসীরা ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে খুন করে ফেলে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের হয়।
মির্জাপুরে আদম ব্যবসায়ী খুন
মির্জাপুর(টাঙ্গাইল) \ আনিছুর রহামন (৪০) নামে এক আদম ব্যবসায়ী সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে। সোমবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ খুনের ঘটনাটি ঘটেছে। তার পিতার নাম মোঃ জনু মিয়া । আনিছুর রহমান দীর্ঘদিন ধরে আদম ব্যবসার সাথে জড়িত ছিল। মির্জাপুর থানার ডিউটি অফিসার সজল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল রাতে একদল সন্ত্রাসী তার বাড়িতে ঢুকে তাকে গলাকেটে হত্যার পর পালিয়ে যায়।
অজ্ঞান পার্টির খপ্পরে
পড়ে ব্যবসায়ীর মৃত্যু
গৌরনদী (বরিশাল) \ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জীবন দিতে হলো বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট গুড় ব্যবসায়ী রতন শাহ্ (৪৫)। পৌরসভার বেকীনগর মহল্লার বাসিন্দা ও টরকী বন্দরের বিশিষ্ট গুড় ব্যবসায়ী রতন শাহ্ সোমবার পার্শ্ববতী উপজেলা মুলাদী বাজারে যান। পাওনা টাকা উত্তোলন শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মীরগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছলে অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সাথে কৌশলে ওই ব্যবসায়ীকে চেতনানাশক দ্রব্য খাওয়ায়। সন্ধ্যায় পথচারীরা উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার চিকিত্সাধীন অবস্থায় ঢাকায় মারা যান।
গাজীপুরে নকলনবিস খুন
গাজীপুর \ গাজীপুর সদর সাব রেজিষ্ট্রি অফিসের নকলনবিস শহিদুল আলম শহিদ (৩৫) তার নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন। গত সোমবার রাতে শহরের রাজদীঘির পাড়ে ৬ তলা বাড়ির ৩য় তলার ফ্ল্যাটে তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়। তিনি স্ত্রী সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। নিহত শহিদের পিতার নাম ফজলুল হক মোল্ল¬া। বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া গ্রামে। নিহত শহিদ ওই অফিসের নকলনবিস সমিতির সাবেক সভাপতি ছিলেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪জনকে আটক করেছে। এরা হচ্ছে, জেলা শহরের সাহাপাড়া এলাকার সুলতান আহম্মদের ছেলে মুহাম্মদুল্লাহ মিলন (৩৫), পূর্ব ভূরুলিয়া এলাকার হাজী কছিম উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৩৫) ও একই এলাকার মমতাজ উদ্দিনের ছেলে হাসিবুর রহমান (২৮)।
মঠবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার
মঠবাড়িয়া (পিরোজপুর) \ মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মামুন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত মামুন উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের মৃত ইসমাইল খানের পুত্র। নিহত মামুনের স্ত্রী ফিরোজা বেগম দীর্ঘদিন যাবত্ লেবাননে বসবাস করে আসছে। বিদেশ থাকা অবস্থায় ফিরোজা বেকার স্বামী মামুনের সাথে যোগাযোগ না রাখায় সোমবার মামুন অভিমান করে বিষপান করে। পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তালতলীতে গরু ব্যবসায়ী খুন
বরগুনা (উত্তর) \ বরগুনা তালতলী উপজেলার চন্দনতলা গ্রামে আবু সালেহ (২৬) নামে এক গরু ব্যবসায়ী সোমবার রাতে খুন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তালতলী থানা পুলিশ বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার করেছে। নিহতের বাবা হাবিব মুন্সী জানান, সোমবার রাতে আবু সালেহ মাঠে গরু চরাতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি।
