সিদ্ধিরগঞ্জে সওজ’র ঠিকাদারদের অবস্থান ধর্মঘট

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:৫৮
৬০ কোটি টাকা বকেয়া বিলের দাবি সিদ্ধিরগঞ্জে বকেয়া বিল পরিশোধের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে সড়ক ও জনপথের ঠিকাদাররা। সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ সওজ’র নারায়ণগঞ্জ বিভাগীয় অফিসের সামনে সোমবার থেকে এ ধর্মঘট পালন করছে। প্রায় ৬০ কোটি টাকা বকেয়া বিলের দাবিতে সওজ’র ঠিকাদাররা প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান ধর্মঘট করছে। সড়ক ও জনপথের নারায়ণগঞ্জ বিভাগীয় অফিসে প্রায় ৭০ জন ঠিকাদার রয়েছে। ২০০৬-২০০৭ অর্থবছর থেকে ২০১১-২০১২ অর্থবছর পর্যন্ত সম্পন্ন করা কাজের বিল ঠিকাদাররা পাচ্ছে না। এ সময়ের মধ্যে ঠিকাদারদের বকেয়া বিলের পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা। নারায়ণগঞ্জ সওজ’র ঠিকাদার সমিতির নেতা নজরুল ইসলাম বাদল জানায়, গত ৬টি অর্থবছরে এই অফিসের প্রায় ৭০ জন ঠিকাদারের ৬০ কোটি টাকার বিল পাওনা হয়েছে। বর্তমানে বেশিরভাগ ঠিকাদার আর্থিক সংকটে থাকায় বাধ্য হয়ে পাওনার দাবিতে অবস্থান ধর্মঘট করছে।