দিনাজপুরে ভুট্টা ফসলের উপর মাঠ দিবস
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ আরডিআরএস বাংলাদেশ ও আমেরিকার কর্ণেল বিশ্ববিদ্যালয় ইউএসডি এর আর্থিক সহযোগিতায় ফুড ফর প্রগ্রেস ফর বাংলাদেশ প্রকল্পের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষক মোঃ আলমের সভাপতিত্বে উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান ও আরডিআরএস ব্যবস্থাপক (শস্য) মোঃ হাসানুজ্জামান, মাঠ প্রশিক্ষক মোঃ নাজমূল হোসেন। বক্তারা বলেন, ফসল ভেদে ডলোচুন ব্যবহার করে গম, ভুট্টা, আলু, সরিষা, ডাল, মসলা ও সবজি জাতীয় ফসলের ফলন ১০-৫০ শতাংশ বৃদ্ধি পায়। প্রতি শতক জমিতে ৪কেজি ডলোচুন একবার প্রয়োগ করলে পরবর্তী ৩ বছর চুন প্রয়োগ করতে হয় না।
ফুলবাড়িতে কারিগরি সহায়তা বিষয়ক কর্মশালা
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ল্যাম্ব হাসপাতালের উদ্যোগে গতকাল মঙ্গলবার কমিউনিটি গ্রুপকে কারিগরি সহায়তা প্রদানসহ শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুর রহমান, ডা. শাহেদ মোরশেদ, পুষ্টিবিদ আজিজুল হক সরকার, ল্যাম্ব হাসপাতালের কারিগরি কর্মকর্তা বিপ্লব মন্ডল, মাসুম আহমেদ প্রমুখ।
লোহাগাড়ায় দুর্ধর্ষ ডাকাতি: আটক ৩
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা মাইজবিলা এলাকায় গৃহবধূ কামরুন্নাহার (২৫) এর বাড়িতে ডাকাতির সংবাদ পাওয়া গেছে। গত ৯ জুন গভীর রাত আড়াইটায় উপজেলার উক্ত এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০/১২ জনের মুখোশ পরিহিত ডাকাত স্থানীয় বাদশা মিয়ার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ৩ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল সেট, নগদ ৬০ হাজার টাকা ও মূল্যবান কাপড়চোপড়সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গৃহবধু কামরুন নাহার ডাকাতদের প্রহারে গুরুতর আহত হয় । ঘটনার সময় গৃহকর্তা বাদশা মিয়া বাড়িতে ছিল না। খবর পেয়ে দ্রুত থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল হক সঙ্গীয় পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলাসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃতরা হল যথাক্রমে চরম্বা মাইজবিলা এলাকার হাবিবুর রহমানের স্ত্রী লায়লা বেগম (৪০), একই এলাকার হাবিবুর রহমানের পুত্র নজরুল ইসলাম (২০) ও সাতকানিয়া উপজেলার মাদারবাড়ি এলাকার মোজাফ্ফর আহমদের পুত্র জামাল (২০)।
ফুলবাড়িতে নারী উন্নয়ন ফোরাম গঠনকল্পে সভা
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিন উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠনকল্পে গতকাল মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভাায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি। এতে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. হাসিনা পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাহিদা সুলতানা, ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে সনাকের তথ্য ও পরামর্শ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়ার ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের উদ্যোগে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল চত্বরে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক-এর আয়োজন করা হয়। উক্ত তথ্য ও পরামর্শ ডেস্ক থেকে তথ্য গ্রহণে ব্রাহ্মণবাড়িয়ার আপামর জনসাধারণের সারা পাওয়া যায়। তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনার পাশাপাশি ইয়েস সদস্যগণ হাসপাতালের ইনডোর এবং আউটডোরে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন সেবা দিয়ে থাকেন। রোগীদের ডাক্তার দেখানোর লাইন ঠিক করা, টিকেট কাটতে সহায়তা করা ও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা । তথ্য ও পরামর্শ ডেস্ক থেকে স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকার খাতের বিভিন্ন তথ্য সম্বলিত তথ্য পত্র ছাড়াও তথ্য অধিকার আইন এর তথ্যপত্র ইত্যাদি বিতরণ করা হয়।
শ্যামনগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শ্যামনগর (সাতক্ষীরা ) সংবাদদাতা \ সাতক্ষীরার শ্যামনগরে গত সোমবার বিকাল ৫ টায় শ্যামনগর মাইক্রো স্ট্যাান্ডে শ্যামনগর থানার ওসি আমিরুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির (পিপিএম) বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (কালিঞ্জন র্সাকেল) মীর মরিন হোসেন, কালিগঞ্জ থানার ওসি গোলাম রহমার ও শ্যামনগর থানার ওসি (তদন্ত) শমসের আলী। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইউপি চেয়ারম্যান বৃন্দ, এনজিও প্রতিনিধি ও সাধারণ জনগণ ওপেন হাউজ ডেতে অংশগ্রহণ করেন।
নন্দীগ্রামে বিএনপির মানববন্ধন
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার এক মানববন্ধন আয়োজন করে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. আব্দুর রাফি পান্না। পৌর বিএনপির সভাপতি আ.বি.রহিম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গণি মাসুদ, বিএনপি নেতা আ.হালিম ও পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল প্রমুখ।
গফরগাঁওয়ে বিআরডিবির ভাইস চেয়ারম্যান নিখোঁজ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিআরডিবির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান দুইদিন ধরে নিখোঁজ। এ ঘটনায় মোঃ শাহজাহানের স্ত্রী আকলিমা আক্তার গতকাল মঙ্গলবার পাগলা থানায় একটি জিডি করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশন সংলগ্ন চাইরবাড়িয়া বাজারে সর্বশেষ মোঃ শাহজাহানকে দেখা যায়। এরপর থেকে সে নিখোঁজ, মোবাইল ফোনটিও বন্ধ। মঙ্গলবার সকালে মশাখালীমুখী সড়কের বলদী বিলপাড় এলাকায় মোঃ শাহজাহানের মোবাইল ফোনটি পাওয়া যায়। শাহজাহানের স্ত্রী আকলিমা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তার স্বামীকে অপহরণ করতে পারে। পাগলা থানার ওসি বদরুল আলম খান জানান, এ ঘটনায় তদন্ত চলছে।
