বনদস্যু রওশন গাজী অস্ত্র ও গুলিসহ আটক

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:০১
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সেজ বাহিনীর প্রধান রওশন গাজী ওরফে সোনাকে (৩৬) কোস্টগার্ড আটক করেছে। মঙ্গলবার ভোর রাতে মংলাস্থ কোস্টগার্ডের পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে সুন্দরবনের শিবসা নদীর তীর থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯টি পাইপগান, একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, চকলেট বোমা ও বিপুল পরিমাণে গুলিসহ দস্যুতার কাজে ব্যবহূত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বনদস্যু সেজ বাহিনীর প্রধান রওশন গাজী ওরফে সোনা খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোনাদানা গ্রামের আব্দুস সামাদের ছেলে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট মুজাহিদুর রহমান জানান, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সেজ বাহিনীর সদস্যরা শিবসা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদে কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা শুরু করে। এসময় দস্যুদল তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করে বনদস্যু সেজ বাহিনীর প্রধান ওরশন গাজী ওরফে সোনাকে আটক করতে সক্ষম হয়। এসময় ওই বাহিনীর ৬/৭ সদস্য পালিয়ে যায়। আটক বাহিনীর প্রধান রওশন গাজীর কাছ থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক দস্যুকে বুধবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে (মংলা) এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।