পীরগঞ্জে ৩৭ স্কুলে দপ্তরী পদে নিয়োগ স্থগিত

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:০১
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা রংপুরের পীরগঞ্জে ‘দপ্তরী কাম নৈশপ্রহরী’ পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২য় দফায় উপজেলার ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দপ্তরী কাম নৈশপ্রহরী’ পদে নিয়োগ দেয়ার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে মোতাবেক আবেদন করে চাকরি প্রার্থীরা। এক্ষেত্রে সংশ্লিষ্ট ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সভাপতি মোটা অংকের নিয়োগ বাণিজ্য করতে একাট্টা হয় এবং প্রতি পদে ৫ লক্ষ টাকা করে উেকাচ আদায় করে। এতে প্রায় ২ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের ভাগ বাটোয়ারা নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষা অফিস ও দলীয় নেতাকর্মীদের মধ্যে রশি টানাটানি শুরু হয়। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম বলেন- দু’একটি বিদ্যালয়ে আবেদন কম এবং অনিয়মের অভিযোগ উঠায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।