শক্তিশালী জার্মানির বিরুদ্ধে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল তাদের সবচে বড় ভরসা মানছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে চোটের কারণে তার মাঠে নামার বিষয়টি নিশ্চিত না এখনো। তবে জার্মান দলের টেকনিক্যাল ডিরেক্টর হ্যান্স-দিয়েতের ফ্লিকের বিশ্বাস যে কোন মূল্যে প্রথম ম্যাচে খেলবেন রোনালদো। ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলের হয়ে অবদান রাখার তীব্র ইচ্ছাই রোনালদোকে মাঠে নামতে উদ্বুদ্ধ করবে।
রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো লিগের শেষ দিকে যে চোটের শিকার হন সেটা তাকে ভোগাচ্ছে এখনো। উরুর চোট থেকে সেরে ওঠার আগেই নতুন সমস্যা দেখা দেয় গোড়ালিতে। ফলে বিশ্বকাপের শুরু থেকেই মাঠে নামাটা এখনো নিশ্চিত নয় গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ক্লাবের জার্সি গায়ে পঞ্চাসটিরও বেশি গোল করা এই তারকার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজকের প্রীতি ম্যাচেও অনিশ্চিত এই তারকা। যদিও কোচ পাওলো বেন্তোর বিশ্বাস, বিশ্বকাপের আগেই পূর্ণ ফিটনেস ফিরে পাবেন তার সেরা অস্ত্রটি।
তবে, ফ্লিক জানান, রোনালদো খেলবেন সেটা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে জার্মানি। বিশ্বকাপে নিজ নিজ প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি লড়াইয়ে প্রতিপক্ষের সেরা অস্ত্রকে সামলাতে পূর্ণ প্রস্তুতি নিয়েই জার্মানি নামবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি সোমবারের লড়াইয়ে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে রোনালদো। সে বিনা কারণে বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়নি। তার গোল করায় দক্ষতা প্রশ্নাতীত। সে এমন একজন খেলোয়াড় যে কিনা মুহূর্তেই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তাই আমাদের মনে হচ্ছে জার্মানির বিরুদ্ধে এতো বড় ম্যাচে সে কোনভাবেই সুযোগটা হারাতে চাইবে না।’
রোনালদোকে খেলানোর জন্য পর্তুগাল শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বলেও মনে করছেন ফ্লিক। জার্মানির এক নম্বর গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমার মনে হয় আপনারা চাইলে এটাকে (রোনালদোর সম্ভাবনা) ম্যানুয়েল ন্যুয়েরের পরিস্থিতির সাথে বিবেচনা করা যেতে পারে। সে ফিজিওথেরাপি নিচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে তার জন্য। তবে আমার মনে হয় ফিট হবার ন্যূনতম সম্ভাবনাও যদি তার (রোনালদো) থাকে, পর্তুগাল তাহলে তাকে হারাতে চাইবে না। এসব কারণেই আমাদের মনে হচ্ছে রোনালদোকে মোকাবিলা করতে হচ্ছে জার্মানির।’
তবে রোনালদো যদি না খেলেন তবুও পর্তুগালকে সমীহই করবে জার্মানি। রোনালদোর অনুপস্থিতিতে পেপে, রাউল মিরালেস কিংবা ন্যানির মতো খেলোয়াড় যে কোন সময় যে কোন দলকে চমকে দেয়ার ক্ষমতা রাখে জানিয়ে ফ্লিক বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াও পর্তুগাল কঠিন এক প্রতিপক্ষ। অবশ্যই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই আমরা নামবো। তবে নিজেদের সামর্থ্যের উপর পূর্ণ আস্থাশীল আমরা।’
পর্তুগালের বিরুদ্ধে ম্যাচটাকে বিশ্বকাপে দলের সবচে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসাবে উল্লেখ করে ফ্লিক বলেন, ‘আমরা সবাই প্রথম ম্যাচটির দিকে তাকিয়ে আছি; কারণ সবাই জানেন টুর্নামেন্টের প্রথম ম্যাচটাই ঠিক করে দেবে আপনি আত্মবিশ্বাসী নাকি চিন্তিত হবেন। তাই এই ম্যাচ নিয়ে আমাদের সতর্কতার শেষ নেই। যদিও, আমাদের আত্মবিশ্বাসের কোন কমতি নেই।’—সকার ওয়ে অবলম্বনে।
