রোনালদোর উন্নতিতে আত্মবিশ্বাসী বেন্তো

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:১০
ক্রিশ্চিয়ানো রোনালদো চোট কাটিয়ে বিশ্বকাপে মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন, পর্তুগালের কোচ পাওলো বেন্তো। দলের সবচেয়ে বড় তারকাটিকে ফিরে পেয়ে ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পর্তুগাল অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারবে বলে আশাবাদী বেন্তো। তবে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের আগে নিজেদের সর্বশেষ প্রীতি ম্যাচে আজ রোনালদো খেলতে পারবেন কিনা সেটা নিশ্চিত নয় এখনও। বেন্তো জানান, রোনালদোর উন্নতির হারে সন্তুষ্ট পর্তুগাল দলের চিকিত্সক দল। তাদের বিশ্বাস, বিশ্বকাপের আগেই মাঠে নামার মতো ফিট হয়ে উঠবেন এই রিয়াল মাদ্রিদ তারকা। বেন্তো বলেন, ‘জাতীয় দলের চিকিত্সকদের উপর আমার পুরোপুরি ভরসা আছে। আমরা রোনালদোর উন্নতির হারে দারুণ আশাবাদী।’ ১৬ জুন জার্মানির বিরুদ্ধে গ্রুপ পর্বের নিজেদের প্রথম এবং সবচেয়ে বড় ম্যাচে রোনালদোর মাঠে নামাটা অনেকটা নিশ্চিত হলেও আজ তার মাঠে নামার বিষয়ে এখনো পর্যন্ত ইতিবাচক কিছু জানাতে পারেননি বেন্তো। পাশাপাশি নিশ্চিত নন দলের অন্য দুই তারকা পেপে এবং রাউল মিরেলেসও। তবে আজকের ম্যাচ নিয়ে খুব একটা ভাবতে রাজি নন বেন্তো। বরং দলের সেরা খেলোয়াড়দের বিশ্বকাপ ফিটনেস নিয়েই চিন্তিত তিনি। লা লিগায় খেলা এই তিন তারকার অনুশীলন পারফরম্যান্স দেখে বেন্তোর বিশ্বাস, নির্ধারিত সময়ের আগেই নিজেদের সেরা রূপে দেখা দেবেন তারা, ‘একমাত্র বেতো বাদে অন্য সব খেলোয়াড় কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই অনুশীলন করতে পেরেছে। পেপে এবং রাউল মিরালেসও (গতকাল) আজ অনুশীলন করেছে। আমার কাছে এই মুহূর্তে খেলোয়াড়দের ফিটনেসের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। এটা এমন একটা বিষয় যা নিয়ে আমরা সবাই সবসময় আলোচনা করি এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এটাই মূল ভূমিকা পালন করে।’ পেপে-রোনালদো-রাউল তিনজনই নিজ নিজ ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় পুরো মৌসুম জুড়েই মাঠে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়েছে তাদের। লম্বা লিগের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ দিকের ম্যাচগুলো তাদের ফিটনেসে নেতিবাচক প্রভাব ফেলেছে জানিয়ে বেন্তো আরো বলেন, ‘তিনজনের অবস্থা তিন রকম। রাউলকে লিগ মৌসুমের শেষ পর্যন্ত খেলতে হয়েছে। রোনালদোর অবস্থাটা একটু ভিন্ন। চ্যাম্পিয়ন্স লিগটাই ভুগিয়েছে তাকে। আমাদের এখন সেই বিষয়টা নিয়েই লড়তে হচ্ছে। আর পেপে চোটটা পায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগেই। তাদের চোটের অবস্থাটা ভিন্ন এবং আমরা সব সমস্যারই সমাধান করতে চাচ্ছি।’ - গোল ডট কম।