স্পেনকেই মূল বাধা মানছেন আলভেজ

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:১০
ব্রাজিলের হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার অভিযানে শিরোপাধারী স্পেনকে সবচেয়ে বড় বাধা মনে করছেন ড্যানিয়েল আলভেজ। তবে সেই টপকানোর ক্ষমতা ব্রাজিলের আছে বলেই দাবি এই ডিফেন্ডারের। দলীয় শক্তি তো আছেই, পাশাপাশি দেশের মাটিতে খেলার বিষয়টি ব্রাজিলকে বাড়তি কিছু সুবিধা দেবে বলে মনে করছেন আলভেজ। সাধারণ মানুষ তো বটেই ফুটবল পন্ডিতদের অধিকাংশই আসন্ন বিশ্বকাপে সবচেয়ে বড় ফেভারিট হিসাবে মনে করছেন ব্রাজিলকে। কনফেডারেশন্স কাপে ব্রাজিলের পারফরম্যান্স আর স্বাগতিক হবার বিষয়টাই বড় ভূমিকা রেখেছে তাদের এমন বিশ্বকাপ ভাবনায়। তবে বার্সেলোনা তারকা আলভেজের মতে, স্পেনকে হারানোটা মোটেই সহজ হবে না। আর, বিশ্বকাপ জিততে হলে সেটা জিততে হবে স্পেনের বাধা টপকেই। ৩১ বছর বয়সী এই তারকা বলেন, ‘শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে যে দলটি নামবে তারা স্পেন। আমার দৃষ্টিতে তারাই হট ফেভারিট। জার্মানির প্রতিও আমার শ্রদ্ধার অভাব নেই, কারণ অসাধারণ কিছু খেলোয়াড় আছে সেখানে। আর্জেন্টিনার আক্রমণভাগ এককথায় অবিশ্বাস্য। আর ব্রাজিল এগিয়ে থাকবে নিজেদের মাটিতে খেলবে বলে। পুরো দেশের মানুষ থাকবে জাতীয় দলের পেছনে। আর দলও চাইবে তাদের জন্য বিশ্বকাপ জিততে।’ ১২ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ অভিযাত্রা। ব্রাজিলের রক্ষণে থিয়াগো সিলভার পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আলভেজের বিশ্বাস এই ম্যাচটাই তার দলের বিশ্বকাপ গতিপথ ঠিক করে দেবে। যে কোন টুর্নামেন্টে প্রথম ম্যাচের তাত্পর্য সব সময়ই আলাদা জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপে শুরু করাটা সব সময়ই কঠিন হয়ে থাকে। আপনি যখন ভালভাবে শুরু করবেন তখন আপনার প্রতিদ্বন্দ্বিরা আপনাকে দেখতে থাকবে। আমার মনে হয় গুরুত্ব বিচারে কেবল ফাইনালকেই এর সাথে তুলনা করা যায়।’ ফাইনালে প্রতিপক্ষ হিসাবে কাকে চান, এমন প্রশ্নের উত্তরে আলভেজ বেছে নিয়েছেন তার বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির দল আর্জেন্টিনাকে। আলভেজ বলেন, ‘আমাকে যদি ফাইনালের প্রতিপক্ষ বেছে নেয়ার সুযোগ দেয়া হয় আমি বলবো আর্জেন্টিনার কথা। কারণ একই সাথে অসাধারণ এবং ঐতিহাসিক একটা ফাইনাল হবে সেটা। (ফাইনালে) আমাদের চিরপ্রতিদ্বন্দ্বিদের হারানোটা সবসময় অন্যরকম স্মৃতি হয়ে থাকবে তাহলে।’ আলভেজ কথা বলেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ জলাতান ইব্রাহিমোভিচকে নিয়েও। সুইডেন প্লে অফে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে ৪-২ গোলে হেরে চূড়ান্ত পর্বে উত্তরণে ব্যর্থ হবার পর ইব্রা বলেছিলেন তাকে ছাড়া বিশ্বকাপ হবে আলোহীন। তবে বর্তমানে প্যারিস সেন্ট জার্মেইতে খেলা এই স্ট্রাইকারের এমন বক্তব্যকে কৌতুক বলেই ভাবছেন আলভেজ, ‘সে আসলে একটু অদ্ভুত ধরনের। তার প্রতি আমার আলাদা একটা ভালবাসা আছে। এটা দুঃখজনক যে তার দল বাছাইপর্বের বৈতরণী পেরোতে পারেনি। তবে, সে যদি এখানে আসে আমি দারুণ খুশি হব। ইব্রা যদি আমাকে ডিনার কিংবা তার সঙ্গে ভ্রমণের নিমন্ত্রণ জানায় আমি হয়তো সেটা গ্রহণ করবো। আমি এরই মধ্যে তাকে বিশ্বকাপ দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছি। তবে ব্যাপারটা হচ্ছে এখন এসব ব্যক্তিগত ভাবনা ভাবার সময় নয়। সময়টা জাতীয় দল এবং বিশ্বকাপ নিয়ে কথা চিন্তা করার। বিশ্বকাপটাকে কিভাবে আমাদের কাছে আনা যায় সে নিয়েই ভাবছি সবাই।’