টুইটারে সেরা ফুটবলার বাছাই!

আপডেট : ১০ জুন ২০১৪, ২২:১১
এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব হয়তোবা ভক্ত সমর্থকদের ওপরে ছেড়ে দিতে পারে ফিফা। টুইটারে ভোটের মাধ্যমে ব্রাজিল বিশ্বকাপের সেরা খেলোয়াড় বাছাইয়ের একটি প্রক্রিয়া করতে যাচ্ছে ফিফা। ফিফা ও বিশ্বকাপের অফিসিয়াল স্পন্সর বুডওয়াইজার আশা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ভোট নেয়া হলে এতে করে প্রতিটি ম্যাচেই সমর্থকদের সংখ্যা বাড়বে। ২০১০ সালে শুধুমাত্র ফিফা ওয়েবসাইটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছিল। এবারের আসরে প্রতিটি ম্যাচের দ্বিতীয়ার্ধে টুইটারের ভোটের প্রক্রিয়াটি খুলে দেয়া হবে। এর মাধ্যমে একজন ভক্ত তার পছন্দের খেলোয়াড়ের ছবির উপরে ক্লিক করে নির্দিষ্ট স্থানে তাদের ভোট রেজিস্টার করতে পারবেন। ফিফার মার্কেটিং পরিচালক থিয়েরি ওয়েইল জানিয়েছেন প্রক্রিয়াটি ইংরেজী, স্প্যানিশ, পর্তুগীজ, ফ্রেঞ্চ, জার্মান এবং এ্যারাবিক এই ছয়টি ভাষায় পাওয়া যাবে। -বাসস