ক্যাটারিনা কাইফ অভিনীত নতুন কোনো ছবি মুক্তি পায়নি গত ছয় মাসে। সর্বশেষ তাকে দেখা গেছে ‘ধুম থ্রি’ ছবিতে আমির খানের বিপরীতে। নতুন ছবিতে তাকে দেখতে না পেলেও সবার মনোযোগ ঠিকই ধরে রাখতে পেরেছেন তিনি। নিজের অভিনীত নির্মাণাধীন কয়েকটি ছবির কাজ নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন ক্যাট বর্তমানে। বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক নানা বিষয় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
সিনেমার
পর্দায় ক্যাটরিনা কাইফকে গত পাঁচ-ছয়মাস ধরে নতুন ছবিতে দেখা যাচ্ছে না। কিন্তু তার ব্যাপারে দর্শকদের মনোযোগ, আগ্রহ, কৌতূহল আগের মতো অটুট রয়েছে। সবাই ঠিকই খবর রাখছেন ক্যাটরিনা অভিনীত নির্মাণাধীন নতুন ছবিগুলোর বিষয়ে। বর্তমানে তার অভিনীত ‘ব্যাং ব্যাং’, ‘জগ্গা জাসুস’, ‘ফিতুর’ এবং ‘ফ্যান্টম’ ছবির কাজ চলছে। সিদ্ধার্থ মালহোত্রা পরিচালিত ‘ব্যাং ব্যাং’ ছবির অনুকরণে নির্মাণাধীন এ ছবিতে ক্যাটরিনা আবার হূত্বিক রোশনের বিপরীতে অভিনয় করছেন। ‘ব্যাং ব্যাং’ ছবিতে ক্যাটরিনাকে ‘ধুম থ্রি’, ‘এক থা টাইগার’ ছবির মতো অ্যাকশন গার্ল ইমেজে দেখা যাবে। এ ছবিতেও প্রচুর স্ট্যান্ট দৃশ্যে প্রচণ্ড ঝুঁকি নিয়ে অভিনয় করছেন ক্যাট। একইভাবে ‘ফ্যান্টম’ ছবির জন্যও চোখ ধাঁধানো শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন তিনি। এ ছবিতে প্রথমবারের মতো বলিউডের ছোটে নবাব সাইফ আলি খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের কাঙ্ক্ষিত এই অভিনেত্রী। ‘জাগ্গা জাসুস’ ছবিতে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে আবার অভিনয় করছেন ক্যাট। কমেডি অ্যাকশন ধাঁচের এ ছবিতে রণবীর-ক্যাটরিনা জুটির রসায়ন দর্শকদের আবার চমকিত করবে। ওদিকে সাড়া জাগানো ইংরেজি উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশন’ অবলম্বনে নির্মাণাধীন হিন্দি সিনেমা ‘ফিতুর’-এ অপেক্ষাকৃত তরুণ বয়সী জুনিয়র অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ক্যাটরিনা। একসঙ্গে এতগুলো নির্মাণাধীন ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ব্যক্তিজীবনে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছেন তিনি। তাদের দুজনের বন্ধুত্ব রোমান্স, বিবাহ সম্ভাবনা দু’জনের সম্পর্কের নাটকীয় শুভ পরিণতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সবকিছু আড়ালে ধীরে সুস্থে চললেও বলিউডের বহুল আলোচিত এই প্রেমিক-প্রেমিকা যুগল খুব শিগগির গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। বর্তমানে বলিউডের এই দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী তাদের হাতের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে আনতে সিরিয়াস হয়েছেন। কারণ উভয়ের হাতের কাজগুলো শেষ হওয়ার পর তাদের দু’জনের বিয়ের শুভ দিনক্ষণ ঠিক করতে চাইছেন তাদের নিজ নিজ পরিবার। এ বিষয়ে তারা দু’জনই নিজ নিজ পরিবারের পক্ষ থেকে তাগিদ পেয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক মতো চললে এ বছরের শেষ দিকে তাদের দু’জনের বিয়ে হতে পারে। তবে এর আগে রণবীরের সঙ্গে ক্যাটরিনার এনগেজমেন্ট হবে বেশ ঘটা করেই। রণবীর বর্তমানে ক্যারিয়ারের চমত্কার সময় পার করছেন। বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর নায়ক হিসেবে তার চাহিদা তুঙ্গে এখন। রণবীরকে নিয়ে ছবি করতে আগ্রহী এখন বলিউডের নামীদামি সব নির্মাতাই। সম্প্রতি নিজের জন্য নতুন বাড়ি কিনেছেন তিনি বান্দ্রাতে। এখন সেই বাড়ির সাজসজ্জার কাজ করাচ্ছেন রণবীর। এনগেজমেন্টের পর হবু স্বামীকে নিয়ে বিয়ের শপিং করতে বেরোতে চান ক্যাটরিনা। নতুন কেনা রণবীরের বাড়িতেই তাদের বিয়ের জাঁকজমকপূর্ণ এনগেজমেন্ট অনুষ্ঠানটি করতে নানা পরিকল্পনা সাজাচ্ছেন ক্যাট ও রণবীর দু’জনে মিলে। এই অনুষ্ঠানেই তারা দু’জন তাদের গভীর প্রণয় ও পরিণয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। নীতু সিং ক্যাটরিনাকে ভীষণ পছন্দ করেছেন। পুত্রবধূ হিসেবে তাকে গ্রহণ করতে কোনো আপত্তি নেই তার। ইতোমধ্যে রণবীরের সঙ্গে ক্যাটের বিয়ের ব্যাপারে আলাপ-আলোচনা চলছে উভয়ের পারিবারিক পর্যায়ে, নীতু সিং ক্যাটরিনার মাকে বিয়ের আয়োজন করতে বলে দিয়েছেন ও সম্প্রতি সাউথ আফ্রিকার কেপ টাউনের রাস্তায় রণবীরের সঙ্গে ক্যাটরিনাকে হাত ধরাধরি করে ঘনিষ্ঠভাবে হাঁটতে দেখা গেছে। কাপুর খান্দানের বউ হওয়া সৌভাগ্যের ব্যাপার সন্দেহ নেই। ক্যাটরিনা খুব শিগগির কাপুর খান্দানের বউ হতে যাচ্ছেন। সত্যি সত্যি রণবীর কাপুরকে যদি বিয়ে করেন ক্যাটরিনা তাহলে বিয়ের
পর কি আগের মতো অভিনয়
করে যাবেন এ নিয়েও চলছে ক্যাটরিনা ভক্তদের মধ্যে
আলোচনা আর জল্পনাকল্পনা।
দেখা যাক, শেষ পর্যন্ত
কী ঘটে?
