ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জন সংস্কৃতিকর্মীকে সম্মাননা প্রদান

আপডেট : ১১ জুন ২০১৪, ১৯:৩৩
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে ৫ গুণী সংস্কৃতিকর্মীকে। এ উপলক্ষে ৬ জুন সন্ধ্যায় শহরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয় নাট্যকলায় আবদুল মান্নান সরকার, কণ্ঠশিল্পে ফিরোজ আহমেদ, ফটোগ্রাফিতে প্রাণতোষ চৌধুরী, যন্ত্রশিল্পে আনোয়ারা রহমান, নৃত্যশিল্পে সেবিকা পালকে। সম্মাননা প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা, সনদপত্র, মেডেল, উত্তরীয়, নগদ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য পীযূষ কান্তি আচার্যের নির্দেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। একক সংগীত পরিবেশন করেন পীযূষ কান্তি আচার্য। আবৃত্তি ও নৃত্য পরিবেশনাও ছিল অনুষ্ঠানে। সবশেষে ওস্তাদ আনোয়ারা রহমানের পরিবারের সদস্যদের সরোদ বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।