যুক্তরাষ্ট্রে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে অস্ত্র সহিংসতা। পৃথিবীর এমন কোন উন্নত দেশ নেই যারা এ বিষয়টিকে মেনে নেবে। এছাড়া এ ধরনের সংস্কৃতির পরিবর্তনে কংগ্রেসও এমন কোন উদ্যোগ নিচ্ছে না। কিভাবে এ সহিংসতা ঘটছে তার শেকড়ে পৌঁছতে হবে আমাদের। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক ফোরামে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন করতে গেলেই অনেক বাধার সম্মুখীন হতে হয়। এটা আমার জন্য একটি বড় হতাশার বিষয় ছিল। তিনি বলেন, অস্ত্র সহিংসতার প্রকৃত কারণ আমাদেরই খুঁজে বের করতে হবে। সাম্প্রতিক সময়ে দেশটির স্কুল, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কর্মস্থলে এ ধরনের সহিংসতা বেড়েই চলেছে। এমনকি রাস্তায়ও এ ধরনের অপরাধ প্রায়শই ঘটতে দেখা যাচ্ছে। এদিকে কিছুদিন আগেই দেশটির অরিজন অঙ্গরাজ্যের একটি স্কুলে গুলির ঘটনায় দুইজন নিহত হওয়ার ঘটনাটি তুলে ধরে তিনি বলেন, তাছাড়া কংগ্রেসও এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কোন নিয়মনীতি বা বিধি-নিষেধ আরোপ করছে না। এজন্য আমাদের আসলেই লজ্জিত হওয়া উচিত।
