টঙ্গী কলেজ গেট এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে গতকাল বুধবার সকালে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সাত হাজার শিক্ষার্থী কলেজ গেট ও হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করে। পুলিশ ৩ ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার দুপুরে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী ছুটির পর মহাসড়ক পার হওয়ার সময় কলেজের সামনে একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে আহত হন। পরে শিক্ষার্থীরা আহতদের হাসপাতালে ভর্তি করে। তাদের দেহে অস্ত্রোপচার করা হয়েছে।
গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, সড়ক দুর্ঘটনা এড়াতে যথাশীঘ্র কাঙ্ক্ষিত স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহে আলোচনা চলছে।
