কচুয়া উপজেলার দারাশাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ সরকার (৩৬) একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করার জেরে চাকরি হারাতে বসেছেন। মাসুদ সরকার একই গ্রামের সিরাজ মিয়াজীর কন্যা আছিয়া বেগমকে ২০০২ সালে বিয়ে করে। সমপ্রতি সে তার স্কুলের এক ছাত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এতে প্রথম স্ত্রী আছিয়া বাধা দিলে মাসুদ তাকে শারীরিক নির্যাতন শুরু করে। আছিয়া নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে পিত্রালয়ে চলে যায়। এ সুযোগে মাসুদ ১৬ মে পান্না নামে ঐ ছাত্রীকে বিয়ে করে। এতে বিদ্যালয়ের ছাত্র, অভিভাবক মাসুদ সরকারকে চাকরিচ্যুতসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়া জানান, মাসুদ সরকারের অনৈতিক কর্মকাণ্ডের জন্য গত মঙ্গলবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। মাসুদের ১ম স্ত্রী আছিয়া বেগম জানান, বিয়ের কাজে বাদসাধায় মাসুদ আছিয়াকেসহ তার নিকটআত্মীয় স্বজনকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছে।
