টেলিযোগাযোগ খাতের অগ্রগতি অব্যাহত রাখতে প্রস্তাবিত বাজেটে মোবাইল সিমের ওপর নির্ধারিত ৩০০ টাকা ও সিম রিপ্লেসমেন্টের জন্য আরোপিত ১০০ টাকা কর তুলে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। একই সঙ্গে উচ্চ হারে কর্পোরেট করারোপ করার বিষয়টিও পুনর্বিবেচনার দাবি জানিয়েছে অ্যামটব।
বুধবার রূপসী বাংলা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এদিকে অপর এক সাংবাদিক সম্মেলনে মোবাইল ফোন ইমপোর্টার্স এসোসিয়েশন মোবাইল সেটের উপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে।
অ্যামটবের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মহাসচিব নূরুল কবীর, রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, গ্রামীণফোনের পরিচালক ইশতিয়াক হাসান চৌধুরী, এয়ারটেলের চিফ অব কর্পোরেট অ্যাফেয়ার্স আশরাফ এইচ চৌধুরী, বাংলালিংকের ভারপ্রাপ্ত চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) শামসুদ্দিন আহমেদ এবং সিটিসেলের নিশাদ আলী খান।
মাহতাব উদ্দিন আহমেদ বলেন, যখনই এ ধরনের ট্যাক্স বসানো হবে তখন সিম বিক্রি কমে যাবে। ফলে সরকারের রাজস্ব আয় কমে যাবে। এতে সরকার যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি মোবাইল অপারেটর এবং গ্রাহকরা একই ধরনের ভোগান্তিতে পড়বেন। ইশতিয়াক হাসান চৌধুরী বলেন, আমদানি করা মোবাইল সেটের ওপর ট্যাক্স না কমালে থ্রিজি নেটওয়ার্ক বিস্তার বাধাগ্রস্ত হবে।
রূপসী বাংলা হোটেলে পৃথক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের ওপর থেকে ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবি জানান। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সেক্রেটারি রেজওয়ানুল হক, অ্যামটব মহাসচিব নূরুল কবীর, এফবিসিসিআই’র তথ্যপ্রযুক্তি বিষয়ক পরিচালক শাফকাত হায়দারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
