ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে এনায়েতপুর কেজির মোড়ে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ২৫০ হাত লম্বা পতাকা উত্তোলন কাজে নিয়োজিত ছিল দেড় শতাধিক সমর্থক।
ঘোড়ার গাড়ি করে, ঢাক-ডোল পিটিয়ে সুবিশাল পতাকা টাঙ্গানোর আয়োজক ছিল এনায়েতপুর ব্রাজিলিয়ান সংঘ। পতাকা উত্তোলনের সময় সংঘের উপদেষ্টা সাইদুল ইসলাম, সংগঠনের সভাপতি মোশারফ খান, সহ-সভাপতি রফিক মির্জা, সাধারণ সম্পাদক আতাব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক নুরজামাল প্রামানিক, যুগ্ম সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক কাইয়ুম মাল, সংগঠন সদস্য জাহিদ হোসেন জহুরুল, মাসুদ খান, রাসেল আহমেদ, মাহমুদুল হাসানসহ দু শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
আগের রাতে ৫ শতাধিক সমর্থককে খাসীর মাংসে ভুরিভোজ করানো হয়। বর্তমানে দূর-দূরান্তের কৌতূহলী অগণিত ভক্ত ব্রাজিলের বিশালতর এই পতাকা দেখতে ছুটে আসছেন এনায়েতপুরে।
আয়োজক কমিটি জানিয়েছে, ১০ দিন ধরে লাখ টাকা ব্যয়ে তৈরি করিয়েছে ১ হাজার ২৫০ হাত লম্বা ব্রাজিলের পতাকা।
এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে বিশাল পতাকার ফাঁকে-ফাঁকে লেখা রয়েছে, “হাসিনা, খালেদা, রওশন এরশাদ আমাদের পক্ষে-আপনি কেন নন। রাজনৈতিক হানাহানি দূরে রেখে আসুন আমরা ক্রীড়ায় মাতি। মাদক কে না বলুন”।
বিশ্বকাপ উন্মাদনা মাদক আর রাজনৈতিক হানাহানি মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করেন ব্রাজিলিয়ান সংঘের উপদেষ্টা রাকিবুল করিম খান পাপ্পু, সাইদুল ইসলাম, সংগঠনের সভাপতি চিত্র শিল্পী মোশারফ হোসেন খান সভাপতি, সহ-সভাপতি ওরিয়েন্টাল গ্রুপের কর্মকর্তা রফিক মির্জা। পতাকা উত্তোলনের সময় আর্জেন্টিনার সমর্থকরা উপস্থিত থাকায় অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছেন এনায়েতপুরের সুধী সমাজ।
কুমারখালিতে বিশ্বকাপের ঢেউ
কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, বিশ্বের অগণিত মানুষের মত কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকাপ নিয়ে রয়েছে টান টান উত্তেজনা। সেখানে পছন্দের দলের টি-শার্ট ও পতাকা নিয়ে মিছিল চলছে প্রতিদিন। গ্রাম-গঞ্জ, হাট-বাজারে উড়ছে বিভিন্ন দলের পতাকা। বেশি প্রাধান্য পেয়েছে আর্জেটিনা ও ব্রাজিলের পতাকা। মেসি ও নেইমারসহ বিভিন্ন তারকাদের নিয়ে চলছে নানা ধরনের আলোচনা।
ব্রাজিল সমর্থক মাংশ বিক্রেতা রফিকুল ইসলাম নিজের মোটর সাইকেল সাজিয়েছেন ব্রাজিলের পতাকা দিয়ে। সাব্বির, রফিকুলসহ বেশ কয়েকজন ব্রাজিলের ১২০ হাত লম্বা পতাকা দিয়ে রেল স্টেশন বাজার সাজিয়েছেন। পাশাপাশি আর্জেটিনা সমর্থক জাতীয় শ্রমিক লীগ কুমারখালি শাখার সাংগঠনিক সম্পাদক কাজী হেলাল, মাংশ বিক্রেতা খোকনসহ বেশ কয়েকজন ১৮০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা টাঙিয়েছেন রেল স্টেশন চত্বরে। মজার ব্যাপার হলো উভয় সমর্থক গ্রুপ এক সাথে মিলে মিশে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা নিয়ে বিশাল সৌহার্দ্য মিছিল করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
বিশ্বকাপ ফুটবলে
মাতোয়ারা পূর্বধলা
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উপজেলা সদরসহ প্রত্যেকটি গ্রামেও বিরাজ করছে উত্সবের আমেজ।
বিভিন্ন দলের সমর্থকরা কেউ দশ ফুট, কেউ বিশ ফুট পতাকা টানিয়েছেন গাছের ডালে, ঘরের ছাদে, বাড়ির আঙ্গিনায় ও ব্যবসা প্রতিষ্ঠানে। অনেকে বিভিন্ন দলের জার্সি ব্যবহার করছেন। পূর্বধলা বাজারের দর্জি আবুল কাশেম (৪৫) জানান, রাত জেগেও তাকে তৈরি করে দিতে হচ্ছে বিভিন্ন দেশের পতাকা। এর মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানির পতাকার চাহিদা বেশি। তবে ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্সের সমর্থকদেরও চাহিদা পূরণ করতে হচ্ছে।
মানিকগঞ্জের ঘিওরে চলছে
পতাকা উড়ানোর ধুম
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, বিশ্বকাপে প্রিয় দলের পাশাপাশি ঘিওরে জাতীয় পতাকার ওড়ানোর হিড়িক পড়েছে। চলছে প্রিয় দল আর খেলোয়াড় নিয়ে মাতামাতি। শুরু হয়েছে বাড়ির আঙিনা ও ছাদে প্রিয় দলের পতাকা টাঙানোর উত্সব। শপয যশোরে ভিনদেশের পতাকা নামিয়ে ফেলার সরকারি নির্দেশে সাড়া ঘিওরেও পড়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনসহ বিভিন্ন দলের পতাকার সাথে উড়ছে বাংলাদেশের জাতীয় পতাকা।
