পৃথক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট : ১১ জুন ২০১৪, ২১:৫৩
ঝালকাঠির নলছিটিতে মা-শিশুসহ তিনজন ও টাঙ্গাইলের বাসাইলে মা-মেয়েসহ তিনজনসহ সড়ক দুর্ঘটনা ও পৃথক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে ৮ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। কমলনগরে ইটভাটা শ্রমিক নিহত লক্ষ্মীপুরের কমলনগরে গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় মো. ইউছুফ (১৬) নামে ইটভাটার এক শ্রমিক নিহত হয়েছে। তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান ফয়সল আহম্মেদ জানান, বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে করইতলা বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের ধাক্কায় ইউছুফ মারা যান। বগুড়ায় বেবিট্যাক্সি চালক নিহত বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী লিচুতলা এলাকায় গতকাল বুধবার সকালে বাস ও বেবিট্যাক্সির সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক বেবিট্যাক্সি চালক নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাতলায় ছাত্রের মৃত্যু বগুড়ার সোনাতলায় গতকাল বুধবার দুপুরে ট্রাকের ধাক্কায় নূরুল ইসলাম ওরফে নুরু (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। সে সোনাতলা ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ চালক সবুজ মিয়াকে আটক করেছে। সিংড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নাটোরের সিংড়ায় গতকাল বুধবার সকালে বজ্রপাতে শফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বিয়াশ গ্রামের মাঠে গরু আনতে গিয়ে সে বজ্রপাতে মারা যায়। ইসলামপুরে বজ্রপাতে একজনের মৃত্যু জামালপুরের ইসলামপুর উপজেলার চন্দনপুর গ্রামে গতকাল বুধবার সকালে বজ্রপাতে মজনু (১৪) নামে এক কিশোর ছাগল চরাতে গিয়ে মারা যায়। মদনে পানিতে ডুবে শিশুর মৃত্যু নেত্রকোনার মদন উপজেলার কাপাসাটিয়া গ্রামে গতকাল বুধবার দুপুরে নদীতে ডুবে মুস্তাকিন (৭) নামে এক শিশু মারা গেছে। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গাংনীতে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে গতকাল বুধবার জাম গাছ থেকে পড়ে আব্দুস সামাদ (১১) নামে এক শিশু মারা গেছে। শার্শায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার যশোরের বেনাপোলের শার্শা নাভারন যাদবপুর গ্রামে গত মঙ্গলবার রাতে সুমি খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সুমি নাভারন বুরুজ বাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। লেখাপড়ার কারণে তার মায়ের সাথে নাভারন সাতক্ষীরা মোড় এলাকার যাদবপুর গ্রামের রুহুল আমিনের বাসায় ভাড়া থাকত। শার্শা থানার (ওসি) আহম্মেদ কবির জানান, হত্যা না আত্মহত্যা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন।