এক আশ্চর্য বোধের ভিতরে অঙ্গার যেভাবে বাঁচে
প্রস্ফুটিত আগুনের তারস্বরে
বাগানের বাঁশের কড়ুল জানে
লাঙ্গলের ধারে কাটা ধ্যানস্থ মৃত্তিকা
চাঁদের মাটিতে বসে বিবস্বান বলয়ের বাইরে কোথাও
যেভাবে ছড়িয়ে দিয়ে
মানুষের সিদ্ধিলাভে যখন সমর্থ হয়
তখন আমিও ভাবি, একটি জাতির জন্য উচ্চতায় পৌঁছে যেতে
শহীদ মিনার কত প্রয়োজন ছিল
তা নয়তো পিতাভ রৌদ্রের অধিকার
মানুষ কী করে পায়
সপ্তরথি বেষ্টিত ভুবনে—প্রতিরোধী অভিমন্যু
কী করে সে কালোত্তীর্ণ যদি না সে
ফিরে যায়, শেকড়ে ফিরে নেয় দ্রোহ
বৃষ্টি ধারার মধ্যে বিদ্যুত্ চমক—
শেকড় সন্ধানী মন বালু চরে প্রত্নবীজ
খুঁজে নেয় জাগতিক সব সফলতা?
