দারুচিনির কচি রক্তাভ পাতা দেখে
আবারো মনে পড়ে গেল
সবার শরীরের ভেতর লাল রক্ত...
দারুচিনি পাতা—
তুমি যখন অল্পবয়সী
ঘি’য়ে রঙে ফর্সা
তোমার শিরায়-উপশিরায়
যে রক্তের সঞ্চালন
তা যেন তোমাকে বেশি
রক্তাভ করে তোলে!
দারুচিনি পাতার চামড়া
ধীরে ধীরে পুরু হয়
রেখা-শিরা-উপশিরা
অষ্পষ্ট হয়।
কেবল পরিশ্রমের পর
কিংবা ভালো করে
লক্ষ করলে যেমন
ফুটে ওঠে হাতের রগ
নীল রক্ত সঞ্চালন...
কেউ তোমাকে ছিঁড়ে দ্যাখে!
কেউবা আস্ত রান্নায়।
দারুচিনি পাতা—
একপাতা জীবনের বিনিময়ে
তুমি নিজেকে হারাও, আর
পৃথিবীতে সুবাস ছড়াও...
