জুন মাস শেষে লভ্যাংশ ঘোষণার প্রত্যাশায় মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সব মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে। এরমধ্যে ৭টি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর শীর্ষ দর বৃদ্ধির ১০ কোম্পানির তালিকায় চলে এসেছে। দুয়েকটি মিউচ্যুয়াল ফান্ডের দর অপরিবর্তিত থাকলেও অবশিষ্ট সব মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে। তবে ফ্রেশ ফান্ড কম হওয়ায় লেনদেন কমে গেছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় ১৬ ভাগ কম।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ৭৬ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৮ কোটি ৬৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।
এদিকে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের শেয়ারের লেনদেন আগামী রবিবার থেকে শুরু হবে। স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত ৪ ফেব্রুয়ারি শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পায় হোটেল পেনিনসুলা চিটাগং লিমিটেড। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকায় ইস্যু করার অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাড়ে ৫ কোটি টাকার শেয়ার ছেড়ে ১৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি। সংগৃহীত অর্থ দিয়ে হোটেলের সম্প্রসারণ ও চট্টগ্রাম এয়ারপোর্ট সংলগ্ন আরো একটি নতুন হোটেল নির্মাণ করবে। আর অবশিষ্ট অর্থ ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে। কোম্পানিটির ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় ২ টাকা ৪৯ পয়সা ও পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ৩২ টাকা ৭৩ পয়সা।
