ফুটবলে মাতোয়ারা সারাদেশ

আপডেট : ১২ জুন ২০১৪, ২২:০৮
মাগুরায় এক কৃষক জার্মানির তিন কিলোমিটার লম্বা পতাকা তৈরি ও জীবননগরে ভুরিভোজসহ বিভিন্ন জেলা ও উপজেলায় নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মাতোয়ারা ফুটবল সমর্থকরা।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মাগুরায় তিন কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে অন্যান্য এলাকার ন্যায় মাগুরার ফুটবল প্রেমিরা আনন্দে মেতে উঠেছে। পৌর এলাকার ঘোড়ামারা গ্রামের জার্মানের সমর্থক আমজাদ হোসেন মোল্লা প্রায় তিন কিলোমিটার লম্বা জার্মানির পতাকা তৈরি করেছেন। প্রতিদিন বহু মানুষ তার বাড়িতে যাচ্ছে পতাকা দেখতে। আমজাদ হোসেন মোল্লা জানান, তিনি একজন কৃষক। ১৯৯৮ সালে তার কঠিন অসুখ হয়। তিনি জার্মানির তৈরি হোমিও ওষুধ খেয়ে ভাল হয়ে যান। সেই থেকে জার্মানির প্রতি ভালবাসা জন্মে। তিনি আড়াই লাখ টাকা ব্যয় করে ৩৫৫০ গজ কাপড় ক্রয় করে এই জার্মানির পতাকা তৈরি করেন। ৫ জন দর্জি তিন মাস সেলাই করে এই পতাকা তৈরি করেন। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তার মত এত বড় পতাকা জেলায় কেউ তৈরি করতে পারেনি। জীবননগরে ভুরিভোজের আয়োজন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শিশু ও তরুণ-যুবকদের পাশাপাশি মাতোয়ারা বয়স্করাও। নারীরাও পিছিয়ে নেই। উদ্বোধনী খেলা বন্ধু-বান্ধব মিলে একসাথে বসে উপভোগ করতে মার্কেট, সুপার মার্কেট ও রাস্তার মোড়সহ গ্রাম-গঞ্জে রাতে বসানো হবে বড় প্রজেক্টর। এর পাশাপাশি রাতভর জেগে খেলা দেখতে চলছে ভুরিভোজেরও আয়োজন। প্রিয়দলের জাতীয় পতাকায় ছেয়ে গেছে বাড়ির ছাদ, ব্যবসা প্রতিষ্ঠান, মোবাইল টাওয়ার, গাছ-গাছালির মগডালসহ যানবাহন। সেই সাথে গায়ে শোভা পাচ্ছে ফেভারিট দলের জার্সিও। কালীগঞ্জে আর্জেন্টিনার ৩০০ ফুট লম্বা পতাকা এবারের বিশ্বকাপ ট্রফি যাবে ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার ঘরে, এমন আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে গাজীপুরের কালীগঞ্জে আর্জেন্টিনার ৩০০ ফুট লম্বা পতাকা নিয়ে মিছিল করেছে মেসির দলের বাঙালি সমর্থকরা। মিছিলটি উপজেলার জামালপুর, বক্তারপুর, তুমলিয়া ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুরসাদী ইউনিয়নে এসে শেষ হয়। ২ শতাধিক আর্জেন্টিনার সমর্থক প্রায় ২৫ হাজার টাকা খরচ করে এ পতাকা মিছিলের আয়োজন করেন। এসময় সমর্থকদের শরীরে নীল-সাদা রং দিয়ে আর্জেন্টিনার পতাকা অঙ্কন করা ছিল। তাদের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি ও হাতে ছিল খেলোয়ারদের নামের ফেস্টুন ও প্লে কার্ড। এ মিছিলে ছিল বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। এ মিছিলে অংশ নেয় ছাত্র-শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর আর্জেন্টটাইন সমর্থকরা। নারায়ণগঞ্জে হাজারো হলুদ জার্সিতে ব্রাজিল সমর্থকরা নারায়ণগঞ্জে সাম্বা নাচের তালে তালে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে র্যালি শুরু করে হাজারো ব্রাজিল সমর্থক। সঙ্গে যোগ দেয় সাউন্ড সিস্টেমের গাড়ি। ভিন্ন এক উন্মাদনায় র্যালি যখন ২নং রেল গেট এলাকা অতিক্রম করে তখনই রাস্তার দুই পাশেও শত শত মানুষ করতালি আর হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানায় ব্রাজিল সমর্থকদের র্যালিতে। আর র্যালির সামনে থাকা ৩০-৩৫টি মটর সাইকেলের মহড়া ছিল আরো আকর্ষণীয়। ব্রাজিল সমর্থক ব্যানারে র্যালিটি বের হলেও এখানে জড়ো হয়েছিল নানা শ্রেণি পেশার মানুষ। র্যালি বের হওয়ার আগে কেক কেটে খাওয়ানো হয় অনেককে। র্যালিতে ব্রাজিলের বিশাল আকৃতির কয়েকটি পতাকার সঙ্গে ছিল বাংলাদেশের লাল সবুজের পতাকাও। ব্রাজিলের জার্সিতে পুরো র্যালিতে বিরাজ করেছিল এক ভিন্ন আমেজ। র্যালির আয়োজনের অন্যতম মূল উদ্যোক্তা ছিলেন আদনান আহমেদ সুহিন নামের এক যুবক। চৌহালীতে ব্রাজিলিয়ান সংঘের উপদেষ্টা এফ. আর সরকারের সুস্থতায় দোয়া কামনা সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুরে ফুটবল জাদুকর কালো মানিক পেলের দেশের ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠনের উপদেষ্টা এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক প্রখ্যাত প্রবীণ জ্যোর্তিবিজ্ঞানী এফ. আর সরকার (৭৫) এ্যাজমা রোগে আক্রান্ত হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে বুধবার বিকেলে ভর্তি হয়েছেন। এজন্য বৃহস্পতিবার দুপুরে তার এনায়েতপুর ব্রাজিলিয়ান সংঘের সদস্যরা আশু রোগ মুক্তি কামনায় এনায়েতপুর কেজির মোড়ে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে সংগঠনটির আরেক উপদেষ্টা সাইদুল ইসলাম, সভাপতি মোশারফ খান, সহ-সভাপতি রফিক মির্জা, সাধারণ সম্পাদক আতাব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক নুরজামাল প্রামাণিক, যুগ্ম সম্পাদক আবু তালেবসহ দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের উপদেষ্টা সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন এমপি, ওরিয়েন্টাল গ্রুপের পরিচালক বিএনপি নেতা রাকিবুল করিম খান পাপ্পু এফ. আর সরকারের সুস্থতা কামনা করেছেন।