বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে এক হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন খাদ্য গুদামের সহকারী কর্মকর্তা (ওসিএলএসডি) খাদ্য পরিদর্শক আলাউদ্দিন ও উপজেলা খাদ্য কর্মকর্তা মশিউর রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি ও মত্স্যজীবীসহ ৫শ’ পরিবারকে পচা দুর্গন্ধযুক্ত নিম্নমানের চাল বিতরণ করা হয়েছে। খেতে না পেরে অনেকে সে চাল ইউনিয়ন পরিষদে ফেরত দিতে বাধ্য হয়েছে।
হতদরিদ্রদের মাঝে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির চাল সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারীদের কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে। কমদামে নিম্নমানের চাল বিতরণ করা হয়েছে সুবিধাভোগীদের মাঝে। হারতা ইউনিয়ন পরিষদের মাল উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য ফারুক হোসেন, বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উর্মিলা বাড়ৈসহ চেয়ারম্যান-মেম্বাররা শিকারপুর খাদ্য গুদামের ওসিএলএসডি আলাউদ্দিনের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা মশিউর রহমান ও খাদ্য পরিদর্শক আলাউদ্দিন তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।
