কলমাকান্দায় স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

আপডেট : ১২ জুন ২০১৪, ২২:৩৬
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ভোগাই নদীর উপর স্বাধীনতার ৪৩ বছর পেরিয়ে গেলেও ব্রিজ নির্মিত না হওয়ায় অবশেষে এলাকাবাসী যাতায়াতের সুবিধার্থে নিজেরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদীর উপর বাঁশের সাঁকো নির্মাণ করেছে। স্বাধীনতার পর থেকেই নদীর দুই ধারের বাবনীকোনা, দক্ষিণ রানীগাঁও, গনিচা, রানীগাঁও, পাঁচপাড়া, খলা, বড় পারুয়া, কনার পারুয়াসহ ১০/১২টি গ্রামের জনসাধারণকে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে এলাকার কৃষকরা তাদের উত্পাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে আসছিল। এলাকাবাসী উজিয়াখালী বাজার সংলগ্ন ভোগাই নদীর উপর একটি পাঁকা ব্রীজ নির্মাণের জন্য স্থানীয় সরকারি প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বার বার আবেদন-নিবেদন করে আসছিল। কিন্তু কিছুতেই কোন কাজ হচ্ছিল না। অবশেষে এলাকাবাসী তাদের দীর্ঘদিনের দুর্ভোগ দুর্দশা লাঘব এবং যাতায়াতের সুবিধার্থে নিজেরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভোগাই নদীর উপর বাঁশের সাঁকো নির্মাণ করেছে। দক্ষিণ রানীগাঁও গ্রামের শহিদুল ইসলাম খান জানান, পাকা সেতু নির্মিত না হওয়ায় তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন।