বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ ৩৫ নারী পুরুষ আটক

আপডেট : ১২ জুন ২০১৪, ২২:৩৮
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বুধবার রাতে অভিযান চালিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ৩৫ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। ২৩ বিজিবি’র পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার জানান, গোপন সংবাদে জানা যায় অবৈধভাবে বেশকিছু শিশুসহ নারী-পুরুষ দৌলতপুর ও পুটখালীর চরের মাঠ এলাকা দিয়ে ভারতে যাওয়ার জন্য গোপনে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৮ জন পুরুষ, ১২ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, বরিশাল, মাগুরা, যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। বিজিবি তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।