কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট : ১২ জুন ২০১৪, ২২:৩৯
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ২০১৪-’১৫ অর্থবছরের ২৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ সিটি কর্পোরেশনের তৃতীয় বাজেট ঘোষণা করেন মেয়র মো. মনিরুল হক (সাক্কু)। গত অর্থবছরের বাজেটের চেয়ে এবার ৪ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৬৪ টাকা কম বরাদ্দ ধরা হয়েছে। নতুন করারোপ না করে এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। এসময় বর্তমানে এ সিটির আয়তন যা আছে তার চেয়ে দ্বিগুণ বৃদ্ধি করে ১৫০ বর্গকিলোমিটার করার মাস্টার প্ল্যান হাতে নেয়া হয়েছে বলে জানানো হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে সকাল ১০টায় ঘোষিত ২৫৬ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ১৪৯ টাকার বাজেটে মোট আয় ধরা হয়েছে ২২২ কোটি ৫০ লাখ হাজার ২৭ হাজার ৭১১ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ২০৬ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ৩৩৩ টাকা। এরমধ্যে প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৪১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৭৩১ টাকা এবং মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার টাকা। এছাড়া এ বাজেটে উন্নয়ন অনুদান/আয় ধরা হয়েছে ১৬৬ কোটি ৭০ লাখ ৯৯ হাজার ৪৭ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১৬৬ কোটি ৭০ লাখ ২২ হাজার ৩১৬ টাকা।