টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ইংল্যান্ড ইতালিকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন ইতালির মাঝমাঠ জেনারেল আন্দ্রো পিরলো। ইংল্যান্ড গত কয়েক বছর ধরেই উন্নতি করছে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া এই তারকা। তবে, ইংল্যান্ডকে সামলানোর ক্ষমতা ইতালির আছে বলেই দাবি এই জুভেন্তাস তারকার।
ডেথ গ্রুপ ‘ডি’র দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে যাচ্ছে ইতালি। এর আগে প্রথম ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে খেলবে কোস্টারিকার বিরুদ্ধে। তবে, অন্য দলগুলোর দিকে তাকানোর আগে পিরলো ভাবছেন নিজেদের পারফরম্যান্স নিয়ে। আর আপাতত তার সমস্ত ভাবনা ইংল্যান্ডকে নিয়েই। ইতালির ২০০৬’র বিশ্বকাপ জয়ী দলের সদস্য এই তারকা সতীর্থদের সতর্ক করে দিয়ে বলেন, ইংল্যান্ডের যে দলটিকে ইতালি ইউরোর ২০১২ আসরে ধরাশায়ী করেছিল এবারের দলটি তা থেকে অনেকটাই আলাদা। কিয়েভের সেই কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ফলাফল মীমাংসা না হওয়ায় টাইব্রেকার ভাগ্যে জয় পায় ইতালি। তবে পিরলো বলছেন, অতীতের ফলাফলে আত্মতুষ্টিতে বুদ হয়ে থাকলে সেটা কাল হয়ে দাঁড়াতে পারে আজ্জুরিদের জন্য। এল আর্কিতেক্তো বা দ্য আর্কিটেক্ট ডাকনামের এই তারকা বলেন, ‘আমরা ইংল্যান্ডের যে দলটিকে চিনতাম এই দলটা তা থেকে অনেক উন্নত। তাদের তরুণ কিছু খেলোয়াড় আছে যারা বল পায়ে খুব দ্রুত দৌড়াতে পারে এবং তাদেরকে খুব বেশী চেনার সুযোগ হয়নি আমাদের। আমাদের অবশ্যই সতর্ক হতে হবে।’
তবে ইতালি যদি তার সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, তাহলে ইংল্যান্ডকে ভয় পাবার কিছু নেই বলেও সতীর্থদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা জানি কিভাবে তাদের মোকাবিলা করতে হবে। ইতালি ইংল্যান্ডের বিরুদ্ধে সব সময়ই ভালো খেলে আসছে। সুতরাং, আমাদের অবশ্যই ভালো সুযোগ আছে।’
ইতালি দলে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করলেও আজ্জুরিরা তার উপর অতিনির্ভরশীল নয় বলেও জানিয়েছেন বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেয়া পিরলো। কিয়েভে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ইংল্যান্ডের সব মিডফিল্ডারের মিলিত পাসের চাইতে একাই বেশী পাস দিয়ে আলোচনার জন্ম দেয়া পিরলো বলেন, ‘এই দলটা অবশ্যই পিরলোর উপর অতিনির্ভরশীল নয়। আপনি যদি বিশাল পথ পাড়ি দিতে চান তাহলে অবশ্যই সবার সহযোগিতা দরকার। আমাদের লক্ষ্য হওয়া উচিত, সব ম্যাচ জেতা এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া।’ ইতালির সেই সামর্থ্য আছে বলেই দাবি ৩৫ বছর বয়সী এই তারকার। ওয়েবসাইট
