রোনালদোকে রুনির আক্রমণ

আপডেট : ১২ জুন ২০১৪, ২২:৪৪
যখন দু’জন একসাথে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতেন, তখনও জাতীয় দল নিয়ে পরস্পরের মধ্যে বিবাদ হয়েছিল একবার। জাতীয় দলে এলে এই দুই বন্ধু যে ‘বন্ধুত্ব’ ভুলে যান, সেটা আবার প্রমাণ করলেন ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েইন রুনি। বর্তমানে রিয়াল মাদ্রিদে থাকা পুরানো বন্ধুকে পক্ষান্তরে একটু স্বার্থপর বলেই খোঁচা দিলেন তিনি। বললেন, রোনালদো ব্যক্তিগত পুরস্কার নিয়ে বেশি ভাবেন। যেটা আবার রুনির কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। দু’জনের পার্থক্য বোঝাতে গিয়ে বলছিলেন রুনি, ‘আমি এমন খেলোয়াড় না যে, আমার ভালো খেলার জন্য ব্যক্তিগত পুরস্কার খুব দরকার হয়; যেটা দরকার হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর। ও ব্যক্তিগত পুরস্কারের জন্য খুব মুখিয়ে থাকে। এটার অবশ্য আমি প্রশংসাই করি। অন্যদিকে আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দলের হয়ে জেতা। ও কেমন, তা তো আপনারা জানেন। ও চায় আলোটা ওর দিকে থাকুক। আমি প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলাম। কিন্তু লিগ জেতার কাছে সেটা কিছুই না। এ বছর আমি কিচ্ছু জিতিনি। তাতে আমার কিছু যায় আসে না।’