পরিবেশ দূষণ
পরিবেশ অধিদপ্তর দূষণবিরোধী অভিযানের অংশ হিসাবে গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের ৫টি মার্সিরাইজিং (সুতা প্রক্রিয়াজাতকরণ) কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে। জানা গেছে, কারখানার মালিক /প্রতিনিধিদের ঢাকাস্থ পরিবেশ অধিদপ্তরে তলব করে শুনানি শেষে অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর এ জরিমানা করেন ।
সূত্র জানায় , কারখানা থেকে নির্গত হওয়া তরল বর্জ্যে হাইড্রোজেন পার অক্সাইড, সোডিয়াম হাইড্রো-অক্সাইড বিভিন্ন উপাদান থাকে যা জলাশয়ে মিশে পানির অক্সিজেনসহ সব উপাদান নষ্ট করছিলো। এ পানি ব্যবহার করলে মানুষসহ অন্যান্য প্রাণীও ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় অনেক লোক এ কারণে চর্মরোগসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে।
কারখানাগুলো হচ্ছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন তামাই এলাকার মেসার্স মুন্সি ব্রাদার্স মার্সিরাইজ এন্ড প্রসেস মিল, মেসার্স এস. কে মার্সিরাইজ মিল, মেসার্স নিপা মার্সিরাইজ এন্ড প্রসেস মিল, মেসার্স বিজলী মার্সিরাইজ মিল এবং মেসার্স তুহিন মার্সিরাইজ মিল। প্রত্যেকটি কারখানাকে ১ লাখ টাকা করে জরিমানা এবং অতিশীঘ্রই ইটিপি নির্মাণের নির্দেশ দেয়া হয়।
