বিশ্বকাপ উপভোগে রোমারিওর আহ্বান

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৪৯
আন্দোলন স্থগিত রেখে বিশ্বকাপ উপভোগ করার জন্য ব্রাজিলিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক তারকা ও বর্তমানে রাজনীতিবিদ ফুটবলার রোমারিও। ব্রাজিলের জয়ের মধ্যদিয়ে গত বৃহস্পতিবার থেকে দক্ষিণ আমেরিকার দেশটিতে বিশ্বকাপ শুরু হয়। স্বাগতিকরা উদ্বোধনী ম্যাচটিতে ৩-১ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। কিন্তু দেশের বিদ্যমান দারিদ্র্যের কথা না ভেবে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে এ বিশ্বকাপ আয়োজন করায় এখনো কিছু মানুষ তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে দেশকে শিরোপা জেতানো স্ট্রাইকার রোমারিও মনে করেন গত বছরের কনফেডারেশন কাপের আগের দাঙ্গা এবং এই গ্রীষ্মে বিশ্বকাপের প্রাক্কালে আন্দোলনের সুবাদে বিক্ষোভকারীদের বার্তা জানা গেছে। তাই তিনি আশা করছেন সেলেচাও সমর্থকরা এখন আন্দোলন বাদ দিয়ে মাঠের খেলায় মনোনিবেশ করবেন। রোমারিও বিবিসি ব্রাসিলকে বলেন, ‘আমি মনে করি ব্রাজিলে আন্দোলনকারীদের বার্তা যথাস্থানে পৌঁছে গেছে এবং এ আন্দোলন ব্রাজিলের রাজনীতিবিদদের সতর্ক করার জন্য ভাল একটি বার্তা। ব্রাজিলে মারাত্মক সামাজিক সমস্যা আছে, আমি মনে করি তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এবং আরো অনেক কিছুর কারণেই আজ এ সন্ত্রাস হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘প্রতিদিন ব্রাজিলিয়ানরা এভাবে আন্দোলন করতে পারবে না, জনগণকে প্রথমে তাদের সমস্যা সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে হবে। আমরা আমাদের জাতীয় দলকে সমর্থন জানাতে পারি তবে আমাদের দুঃখের বিষয়গুলোও বোঝাতে হবে। কিন্তু এখন আমাদের উত্সব করার সময়।’ অধুনা রাজনীতিবিদ রোমারিও আরো বলেন, ‘ব্রাজিলের একটি ঐতিহ্য রয়েছে। ফুটবল এ দেশের মানুষের কাছে ধর্মের মত। প্রাকৃতিকভাবে আমাদের দেশটি অনেক সুন্দর। আমাদের অনেক সীমাবদ্ধতা থাকলেও আমাদেরই তা সমাধান করতে হবে। বিশ্বের অন্য কোন দেশ সমাধান করে দেবে না। তাই সব আন্দোলন ভুলে গিয়ে বিশ্বের কাছে ব্রাজিলকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তাই নিজ মাঠে জাতীয় দল যাতে ষষ্ঠবারের মত শিরোপা ঘরে তুলতে পারে সেজন্য দেশের সকল মানুষের সমর্থন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। বারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৭ জুন মেক্সিকো এবং তৃতীয় ম্যাচে ২৩ জুন ক্যামেরুনের বিপক্ষে খেলবে। বাসস