তারুণ্যের লড়াই দেখছেন রায়না

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৫১
অনেকেরই সন্দেহ, ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের সফরটাকে খুব গুরুত্বের সঙ্গে না নেয়াতেই ধোনি, কোহলিদের ছাড়াই দল পাঠিয়েছে। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক সুরেশ রায়না গতকাল ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলেন যে, এটার সঙ্গে গুরুত্ব অগুরুত্বের কোনো ব্যাপার নেই। এটা স্রেফ বিশ্বকাপকে সামনে রেখে পরীক্ষার একটা সুযোগ। আর এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণদের সঙ্গে ভারতীয় তরুণরা ভালো একটা লড়াই করবেন বলে তার বিশ্বাস। সিরিজের সম্ভাব্যতা নিয়ে বলতে গিয়ে রায়না বলছিলেন, ‘আমার মনে হয় ভারত ও বাংলাদেশের মধ্যে ভালো লড়াই হবে। দুটো দলই তরুণ খেলোয়াড় নির্ভর। অনেকেই ভালো খেলার মধ্যে আছে। বাংলাদেশের কয়েক জন খেলোয়াড় আছে, যারা খেলার ফল বদলে দিতে পারে। আশা করি, ভালো একটা লড়াই হবে।’ এমনকি বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম যে কথাটা বলেছেন, সেটাও প্রতিবাদ করলেন এই অধিনায়ক, ‘আমি জানি, বাংলাদেশ অধিনায়ক বলেছেন, আমরা ভারত-এ দল নিয়ে এসেছি। আমি বলছি, এখানে ভারত ও বাংলাদেশের খেলা হবে। ফলে ভালো খেলাটাই শেষ কথা।’ বাংলাদেশে তরুণ দল পাঠানোর ব্যাপারেও রায়নার ভালো যুক্তি আছে। তিনি বলছিলেন, ‘আমার মনে হয়, ব্যাপারটা বিশ্বকাপ সামনে রেখে করা হচ্ছে। আসছে ইংল্যান্ড সফরেও এরকম তরুণ অনেককে পাঠানো হবে হয়তো। বিশ্বকাপে সেরা দল গঠনের ক্ষেত্রে এই দুইটি সফর খুব বড় ভূমিকা রাখতে পারবে। আর এই দুই সফরে ভালো করে তরুণদের সামনে দলে আসার ভালো সুযোগ থাকছে।’ নির্দিষ্ট করে বললে এই সফরে সবচেয়ে চ্যালেঞ্জ হবে বৃষ্টি ও গরমের এই তীব্রতাকে জয় করা; এমনটাই বলছেন আইপিএলে দারুণ ফর্মে থাকা সুরেশ রায়না। তবে এই প্রকৃতির বিপক্ষে কিছু করার না থাকলেও আসল প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করতে চান।