ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরে ক্রোয়েশিয়ান সমর্থকরা ক্ষেপেছেন। তাদের তীর জাপানী রেফারি ইউসি নিশিমুরার দিকে। পরিকল্পনা করেই নাকি ব্রাজিলকে জেতানো হয়েছে। রেফারি ক্রোয়েশিয়ার জয় কেড়ে নিয়েছে বলে ট্রেনে মন্তব্য করায় ব্রাজিল সমর্থকদের সাথে গণ্ডগোল হয়েছে বৃহস্পতিবার ব্রাজিল-ক্রোয়েশিয়া উদ্বোধনী ম্যাচের পর।
স্টেডিয়াম সংলগ্ন ইতাকুয়েরা স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো রেলে উপচেপড়া ভিড় ছিল। পা রাখার জায়গা ছিল না। ব্রাজিল সমর্থকরা ক্রোয়েশিয়ানদের শুনিয়ে শুনিয়ে আনন্দ করছিলেন। ক্রোয়েশিয়ান সমর্থকরাও বলে বসেন, ইউসি নিশিমুরা না থাকলে ম্যাচ জেতা হতো না। পেনাল্টি হয় না সেটি দিয়েছেন রেফারি। আমরা গোল করলাম। সেটা বাতিল করা হয়েছে। ব্রাজিলের গোলকিপার নিজেই পড়ে গেলো। ক্রোয়েশিয়ান খেলোয়াড়রা ধাক্কা দেয়ার আগেই ফাউলের বাঁশি বাজিয়ে খেলাটাকে ক্রোয়েটদের হাত থেকে ব্রাজিলের হাতে তুলে দিয়েছেন বলে ক্রোয়েশিয়ান দর্শকদের অভিযোগ। সমর্থকরা মনে করছেন, তাদের খেলোয়াড়রা ফাউল না করলেও অভিযুক্ত হয়েছেন। রেফারী সেটা দেখেও সেটা দেখেননি। আর ব্রাজিলের খেলোয়াড়রা সামান্যতে পড়ে গেলে মারাত্মক ফাউল হিসাবে ধরা হয়েছে।
ক্রোয়েশিয়ান কোচ নিকো কোভাকও খেলা শেষে সংবাদ সম্মেলনে রেফারির বিষয়ে একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তাদের দর্শকরা মনে করছেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের কাছে ব্রাজিল হেরেছিল এই জাপানী রেফারির কারণে। এবার ব্রাজিলকে পুশিয়ে দিয়েছেন। আমাদেরকে হারিয়েছেন। আমরা এটা ভুলবো না।
