ভাঙনের হুমকিতে চালুয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৫৩
যমুনা নদীর ভাঙনের মুখে পড়েছে বগুড়া সারিয়াকান্দি উপজেলার চর চালুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয় কেন্দ্র। উপজেলার চর চালুয়াবাড়ী গ্রামে ১৯৬০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে প্রায় সাড়ে ৪শ’ ছাত্র-ছাত্রী রয়েছে। বিদ্যালয়টি যমুনার দুর্গম চরাঞ্চলে হলেও শিক্ষার মান বিবেচনায় পর পর চারবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। কয়েক বছর আগে ২০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়। নির্মাণের ২/৩ বছরের মধ্যে সেখানে নদী ভাঙন দেখা দেয়। যমুনা নদীর ভাঙনে বিদ্যালয় ভবনটি এখন হুমকির মুখে পড়েছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয় নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাজাহান জানান, পার্শ্ববর্তী নিরাপদ স্থানে একটি টিনসেড ঘরে আপাতত বিদ্যালয়ের কার্যক্রম চলছে।