বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় মার্জিনাল ডাইকের ব্যাপক এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। হুমকির মুখে রয়েছে চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় লোকজন চাঁদা ও বাঁশ তুলে বাঁধটি রক্ষার জন্য বাঁশের পাইলিং ও বালির বস্তা ডাম্পিং করছে।
জানা যায়, গত শনিবার রাতের বৃষ্টি ও উজানী ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল এলাকায় পানির তীব্র স্রোতে মার্জিনাল ডাইকের ৬শ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় লোকজন আশঙ্কা করছেন- বাঁধটি ভেঙ্গে গেলে ঐ এলাকার পাটসহ শতাধিক একর জমির বোরো ধানক্ষেত পানিতে তলিয়ে যাবে।
গতকাল সোমবার সরেজমিনে ভাঙ্গন এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধটির প্রায় ৬শ ফুট ধসে গেছে। ভাঙ্গন এলাকা থেকে ১শ গজ দূরে অবস্থিত চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। লোকজন স্থানীয়ভাবে বাঁশের পাইলিং ও বালির বস্তা ডাম্পিং করে ভাঙ্গন রক্ষার চেষ্টা করছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস মণ্ডল বলেন, এক সপ্তাহ আগে গিয়েছি তবে ভাঙ্গনের কথা শুনেছি; কিন্তু ভাঙ্গন এলাকায় যাওয়া হয়নি। বরাদ্দ না থাকার কারণে এই মুহূর্তে কোন কাজ করা সম্ভব হচ্ছে না।
